বন্যাকবলিত সীমান্তবাসীর পাশে ৪৬ বিজিবি: কুরমাছড়ায় বিনামূল্যে মেডিকেল ক্যাম্প, ওষুধ ও খাবার বিতরণ

বুধবার, জুলাই ১৫, ২০২৬

 

বিকুল চক্রবর্তী, মৌলভীবাজার:

সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত সীমান্তবর্তী এলাকার মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে মানবিক উদ্যোগ নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শ্রীমঙ্গল ব্যাটালিয়ন (৪৬ বিজিবি)-এর উদ্যোগে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার কুরমাছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বুধবার (১৫ জুলাই) দিনব্যাপী বিনামূল্যে মেডিকেল ক্যাম্প, ওষুধ বিতরণ এবং দুর্গত পরিবারের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়।

শ্রীমঙ্গল ব্যাটালিয়ন (৪৬ বিজিবি)-এর ব্যবস্থাপনায় আয়োজিত এ মানবিক কর্মসূচীতে সীমান্তবর্তী বন্যাকবলিত, দুর্গত, হতদরিদ্র ও অসহায় মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হয়। দুজন মহিলা ও দুইজন পুরুষ চারজন বিশেষজ্ঞ চিকিৎসকের সমন্বয়ে পরিচালিত মেডিকেল ক্যাম্পে মোকাবিল সীমান্তের বেশ কয়েকটি গ্রামের প্রায় ৪৫০ জন নারী, পুরুষ ও শিশুকে চিকিৎসাসেবা দেওয়া হয়। পাশাপাশি রোগীদের প্রয়োজনীয় ওষুধ ও পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বিতরণ করা হয়। এছাড়া ১০০টি পরিবারের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল ব্যাটালিয়ন (৪৬ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদ এবং বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বিজিবি সূত্রে জানা যায়, দেশের সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সীমান্তবর্তী জনসাধারণের কল্যাণে বিভিন্ন মানবিক ও জনসেবামূলক কার্যক্রম নিয়মিত পরিচালনা করে আসছে বিজিবি। প্রাকৃতিক দুর্যোগ, দুর্যোগকালীন উদ্ধার ও ত্রাণ সহায়তা, বিনামূল্যে চিকিৎসাসেবা, প্রয়োজনীয় ওষুধ বিতরণ, শিক্ষা উপকরণ প্রদানসহ বিভিন্ন উদ্যোগের মাধ্যমে অসহায় মানুষের পাশে দাঁড়ানো বাহিনীর অন্যতম দায়িত্ব।

এ সময় শ্রীমঙ্গল ব্যাটালিয়ন (৪৬ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদ বলেন, বিজিবি শুধু সীমান্ত পাহারার দায়িত্বই পালন করে না, মানবিক দায়িত্ববোধ থেকেও সবসময় সাধারণ মানুষের পাশে থাকে। সাম্প্রতিক বন্যায় অনেক মানুষ স্বাস্থ্যঝুঁকিতে রয়েছেন। তাদের দোরগোড়ায় প্রাথমিক চিকিৎসাসেবা পৌঁছে দিতে এবং প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতেই এ মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও সীমান্ত নিরাপত্তার পাশাপাশি জনকল্যাণমূলক ও মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি জানান।

তিনি আরও বলেন, দেশের যেকোনো দুর্যোগ, সংকট কিংবা মানবিক বিপর্যয়ের সময় বিজিবি সবসময় অসহায় মানুষের পাশে থেকে দায়িত্ব পালন করে আসছে। এ ধরনের কার্যক্রম সীমান্তবাসীর সঙ্গে বিজিবির পারস্পরিক আস্থা, সম্প্রীতি ও সুসম্পর্ক আরও সুদৃঢ় করবে।

চিকিৎসাসেবা গ্রহণকারী স্থানীয় বাসিন্দারা বিজিবির এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, বন্যার কারণে অনেক এলাকায় স্বাস্থ্যসেবা পাওয়া কঠিন হয়ে পড়েছে। এমন পরিস্থিতিতে বিনামূল্যে চিকিৎসা, ওষুধ ও খাবার বিতরণ তাদের জন্য অত্যন্ত সহায়ক হয়েছে। বিজিবির এ মানবিক উদ্যোগ দুর্গত মানুষের দুর্ভোগ অনেকটাই লাঘব করবে বলে তারা আশা প্রকাশ করেন।