সুরাইয়া আখতার জাহান ডিএনসিসির নতুন প্রশাসক

সোমবার, ফেব্রুয়ারি ৯, ২০২৬

জাতির সংবাদ ডটকম।।

‎ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) নতুন প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব সুরাইয়া আখতার জাহান। বর্তমান প্রশাসক মোহাম্মদ এজাজের চুক্তির মেয়াদ শেষ হওয়ায় তার স্থলাভিষিক্ত হলেন তিনি।


‎আজ সোমবার (৯ ফেব্রুয়ারি) স্থানীয় সরকার বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

‎প্রজ্ঞাপনে বলা হয়, স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪-এর ধারা ২৫ক-এর উপধারা (১) অনুযায়ী পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত সুরাইয়া আখতার জাহানকে এই পদে নিয়োগ দেওয়া হলো। তিনি ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়রের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন।

‎নতুন প্রশাসক তার বর্তমান পদের পাশাপাশি অতিরিক্ত দায়িত্ব হিসেবে ডিএনসিসির কাজ পরিচালনা করবেন। বিধি মোতাবেক তিনি কেবল ‘দায়িত্ব ভাতা’ পাবেন; তবে অন্য কোনো আর্থিক বা আনুষঙ্গিক সুবিধা পাবেন না।

‎গত বছরের ১২ ফেব্রুয়ারি এক বছরের জন্য ডিএনসিসির প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছিলেন বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান রিভার অ্যান্ড ডেলটা রিসার্চ সেন্টারের (আরডিআরসি) চেয়ারম্যান মোহাম্মদ এজাজ। আজ তার সেই চুক্তির মেয়াদ শেষ হলো।

‎এদিকে, কিছু গণমাধ্যমে মোহাম্মদ এজাজকে পদ থেকে ‘অপসারণ’ করা হয়েছে মর্মে সংবাদ প্রকাশিত হলেও তা সঠিক নয় বলে জানিয়েছে ডিএনসিসি। মূলত চুক্তির মেয়াদ শেষ হওয়ায় নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার।

‎সাবেক প্রশাসক মোহাম্মদ এজাজের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, অনিয়ম, দুর্নীতি ও ঘুষ গ্রহণের অভিযোগ অনুসন্ধান করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে গত এক ফেব্রুয়ারি আদালত তার দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেন।