নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘কুমিল্লা’ নামে বিভাগ হবে।
তিনি বলেছেন, ‘কুমিল্লা নামে বিভাগ হওয়াটা যদি এই অঞ্চলের জনগণের দাবি হয়ে থাকে ইনশাল্লাহ সেটির বাস্তবায়ন হবে। বিএনপি সরকার জনগণের সকল দাবি পর্যায়ক্রমিক ভাবে পূরণ করবে।’
শনিবার (১৬ মে) বেলা দেড়টায় কুমিল্লার বরুড়া উপজেলার লক্ষ্মীপুর বাজার মাঠে আয়োজিত পথসভায় কুমিল্লা নামে বিভাগ চেয়ে বিএনপি নেতা-কর্মীদের মুহুর্মুহু স্লোগানের প্রেক্ষিতে প্রধানমন্ত্রী এ ঘোষণা দেন।
প্রধানমন্ত্রী বলেন, “এই দাবিটি (কুমিল্লা নামে বিভাগ) যদি জনগণের দাবি হয়ে থাকে, ইনশাল্লাহ সেটি বাস্তবায়ন হবে।”
একই সঙ্গে কুমিল্লায় কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের বিষয়ে অল্প কিছুদিনের মধ্যে শিক্ষা মন্ত্রীর সঙ্গে আলাপ করে ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন সরকারপ্রধান।
সব ওয়াদা পর্যায়ক্রমে পালন করা হবে জানিয়ে তারেক রহমান বলেন, বিএনপি যা ওয়াদা করে, সেটা পূরণ করে। আমরা যেসব পরিকল্পনা মানুষের সামনে উপস্থাপন করেছিলাম, তার ভিত্তিতে মানুষ আমাদের ভোট দিয়েছে। আমরা যে ওয়াদা করেছি তা বাস্তবায়ন করব।
বেলা সোয়া ১১টায় প্রধানমন্ত্রী পথসভা মঞ্চে উঠলে সমর্থকরা মুহুর্মুহু করতালির মাধ্যমে তাকে অভিনন্দন জানান। প্রধানমন্ত্রী হাত নেড়ে নেতাকর্মীদের শুভেচ্ছার জবাব দেন।
পথসভায় কৃষিমন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন কুমিল্লাবাসীর তরফে ‘কুমিল্লা’ নামে কুমিল্লা বিভাগ এবং কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবি তুলে ধরেন। এ সময় কর্মীরা তুমুল করতালি দিয়ে কৃষিমন্ত্রীকে সমর্থন জানান।
একইভাবে স্থানীয় সংসদ সদস্য গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের সুমন কুমিল্লাকে বিভাগ করা, কুমিল্লা হাসপাতালকে দেড়শ থেকে আড়াইশ শয্যায় উন্নীত করার দাবি জানান।
পথসভা শেষে চাঁদপুরের শাহরাস্তি উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নের ওয়ারুক বাজার এলাকায় খোর্দ্দ খাল পুনঃখনন কাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। পরে তিনি চাঁদপুর সদর উপজেলার শাহ মাহমুদপুর ইউনিয়নের কুমারডুগী গ্রামের ঘোষের হাট সংলগ্ন বিশ্ব খাল পুনঃখনন অনুষ্ঠানে যোগ দেবেন এবং তা উদ্বোধন করবেন।