সাবেক প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহার মৃত্যুতে স্পিকারের শোক

রবিবার, মে ১৭, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: সাবেক প্রতিমন্ত্রী, বিএনপির কোষাধ্যক্ষ ও বিশিষ্ট শিল্পোদ্যোক্তা মিজানুর রহমান সিনহার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।

আজ রোববার এক শোক বার্তায় তিনি মরহুমের রূহের মাগফেরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি দুঃখ প্রকাশ ও গভীর সমবেদনা জানান।

গত শুক্রবার রাতে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মিজানুর রহমান সিনহা ইন্তেকাল করেন। তার বাবা ছিলেন বাংলাদেশের ওষুধ শিল্পের অন্যতম পথিকৃৎ ও একমি গ্রুপের প্রতিষ্ঠাতা হামিদুর রহমান সিনহা।বাংলাদেশ ভ্রমণ

ছাত্রজীবন থেকেই তিনি রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন। ১৯৯০ সালে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলে (বিএনপি) যোগদান করেন এবং দীর্ঘদিন দলের কেন্দ্রীয় কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন।

বিএনপির মনোনয়নে মুন্সীগঞ্জ-২ (টঙ্গিবাড়ী-লৌহজং) আসন থেকে ১৯৯৬ ও ২০০১ সালে সংসদ সদস্য নির্বাচিত হন। পরবর্তীতে ২০০৩ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ছিলেন।

২০২৫ সালের ২ ফেব্রুয়ারি তাকে মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক করা হয়।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনেও তিনি বিএনপির মনোনয়ন পেয়েছিলেন। পরে অসুস্থ হয়ে পড়লে তাকে চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেয়া হয়।

সূত্র : বাসস