সংবাদ প্রকাশের জেরে ‘ঢাকা প্রতিদিন’-এর সাংবাদিক শফিক গ্রেফতার, তীব্র নিন্দা ও মুক্তির দাবি

বুধবার, জুলাই ২২, ২০২৬

 

নিজস্ব প্রতিবেদক:
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর-সংক্রান্ত একটি অনুসন্ধানী সংবাদ প্রকাশের জেরে দৈনিক ‘ঢাকা প্রতিদিন’-এর বিশেষ প্রতিবেদক হাফিজুর রহমান (এইচ আর শফিক)-কে গ্রেফতার করেছে শাহবাগ থানা পুলিশ। বিতর্কিত সাইবার সুরক্ষা আইনে দায়ের করা একটি মামলায় তাকে আটক করা হয়। সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে গ্রেফতার এবং আটকের সময় হেনস্তার ঘটনায় তীব্র নিন্দা ও তার নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন ক্রাইম রিপোর্টার্স সোসাইটির মহাসচিব মোহাম্মদ মাসুদ ও ঢাকা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাদেক মোহাম্মদ পাভেল সহ সহকর্মী ও সাংবাদিক নেতৃবৃন্দ।

ভুক্তিভোগী পরিবার ও সহকর্মীদের সূত্রে জানা যায়, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর-সংক্রান্ত খবরটি প্রকাশের পরপরই শাহবাগ থানার এসআই জিয়াউল একদল পুলিশ নিয়ে তাকে খুঁজতে তৎপর হন। পরবর্তীতে রাতে তাকে আটক করা হয়। প্রত্যক্ষদর্শীরা অভিযোগ করেন, হাফিজুর রহমানকে আটকের পর একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের একজন সাংবাদিক এবং মামলার বাদী সাদ্দাম (ফায়ার সার্ভিসের একজন কর্মচারী) তাকে প্রকাশ্য গালিগালাজ ও মানসিক হেনস্তা করেন। পরে তাকে পুলিশ ভ্যানে তোলা হয়।

সাংবাদিক সংগঠনগুলো এই ঘটনাকে স্বাধীন সাংবাদিকতা ও মুক্ত গণমাধ্যমের ওপর বড় আঘাত হিসেবে দেখছেন। এক যৌথ বিবৃতিতে সাংবাদিক নেতারা বলেন, সংবাদ প্রকাশের কারণে কোনো সাংবাদিককে এভাবে তড়িঘড়ি করে হয়রানি বা আটক করা স্বাধীন গণমাধ্যমের জন্য চরম উদ্বেগজনক। এটি স্পষ্টতই কণ্ঠরোধের অপচেষ্টা।

বিবৃতিতে নেতৃবৃন্দ অবিলম্বে সাংবাদিক হাফিজুর রহমান (এইচ আর শফিক)-এর নিঃশর্ত মুক্তি, দায়ের করা মামলার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত এবং আটকের সময় সাংবাদিককে হেনস্তাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানান।