বিশ্ববিদ্যালয়ের কর্মচারীদের দক্ষতা উন্নয়নে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত

রবিবার, জুলাই ২৬, ২০২৬

নিজস্ব প্রতিবেদক:

‎বিশ্ববিদ্যালয়ের কর্মচারীদের পেশাগত দক্ষতা বৃদ্ধি ও প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

‎শনিবার পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স কক্ষে আয়োজিত এ প্রশিক্ষণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ ছবিরুল ইসলাম হাওলাদার।

‎প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন ড. মো. নকির উদ্দিন, পরিচালক (অর্থ ও হিসাব), বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস।

‎প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করে পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

‎প্রশিক্ষণে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের কর্মকর্তা ও কর্মচারীরা অংশগ্রহণ করেন। কর্মক্ষেত্রে দক্ষতা বৃদ্ধি, সুশাসন প্রতিষ্ঠা, প্রশাসনিক কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং আধুনিক কর্মপদ্ধতি বিষয়ে অংশগ্রহণকারীদের ধারণা দেওয়া হয়।

‎অনুষ্ঠানে বক্তারা বলেন, দক্ষ মানবসম্পদ গড়ে তোলার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রমের মান আরও উন্নত হবে। এ ধরনের প্রশিক্ষণ কর্মসূচি নিয়মিত আয়োজনের ওপরও গুরুত্বারোপ করা হয়।