জাতির সংবাদ ডটকম :
রাজধানীর অন্যতম গুরুত্বপূর্ণ সড়ক সচিবালয়ের ২ নম্বর গেটের সামনে যানবাহন ঘোরানোর কারণে প্রতিদিনই সৃষ্টি হচ্ছে দীর্ঘ যানজট।
সংশ্লিষ্টদের অভিযোগ, নির্ধারিত স্থান জিরো পয়েন্টে ইউ-টার্ন না করিয়ে সচিবালয়ের সামনে গাড়ি ঘুরিয়ে দেওয়ায় যান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
বিশেষ করে অফিস শুরু ও ছুটির সময় এই সমস্যা প্রকট আকার ধারণ করে। দীর্ঘ সময় যানজটে আটকে থেকে ভোগান্তিতে পড়ছেন চাকরিজীবী, শিক্ষার্থী, রোগীবাহী অ্যাম্বুলেন্সসহ সাধারণ যাত্রীরা। এতে নষ্ট হচ্ছে কর্মঘণ্টা, বাড়ছে জ্বালানির অপচয় এবং পরিবেশ দূষণও।
সড়ক ব্যবহারকারীদের মতে, সচিবালয়ের সামনে যানবাহন ঘোরানোর পরিবর্তে জিরো পয়েন্টে নির্ধারিত নিয়ম অনুযায়ী ইউ-টার্ন নিশ্চিত করা হলে যানজট অনেকাংশে কমে আসবে এবং যান চলাচল স্বাভাবিক থাকবে।
ভুক্তভোগীরা দ্রুত এ বিষয়ে কার্যকর ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন। তাদের দাবি, রাজধানীর গুরুত্বপূর্ণ এই এলাকায় সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনা নিশ্চিত করতে ট্রাফিক পুলিশের সমন্বিত উদ্যোগ ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা জরুরি।