নোয়াখালী সদর উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি ফখরুল ইসলাম

বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬

আবদুল বাসেদ সিনিয়র রিপোর্টার নোয়াখালী: নোয়াখালী সদর উপজেলা ছাত্রদলের সভাপতি সজিবুর রহমান সজিবকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দিয়ে ফখরুল ইসলামকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৫ আগষ্ট) সকালে নোয়াখালী জেলা ছাত্রদলের এক প্রেস বিজ্ঞপ্তিতে ফখরুল ইসলামকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেওয়ার তথ্য নিশ্চিত করা হয়েছে। সহ সভাপতি মর্যাদায় নোয়াখালী জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক মোঃ মহসিন রিয়াজ স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, নোয়াখালী জেলা শাখার সিদ্ধান্ত মোতাবেক ফখরুল ইসলামকে নোয়াখালী সদর উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব প্রদান করা হলো। সাংগঠনিক গতিশীলতা ও ধারাবাহিকতা অব্যাহত রাখার স্বার্থে অবিলম্বে এই সিদ্ধান্ত কার্যকর করা হবে।

নোয়াখালী জেলা জেলা ছাত্রদলের সভাপতি এনবিএস রাসেল ও সাধারণ সম্পাদক জিয়াউর রহমান রাহান আজ এই সিদ্ধান্ত অনুমোদন করেন।’ এর আগে গত ৪ আগষ্ট নোয়াখালী জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক মোঃ মহসিন রিয়াজ স্বাক্ষরিত পৃথক প্রেস বিজ্ঞপ্তিতে সদর উপজেলা ছাত্রদলের সভাপতি সজিবুর রহমান সজিবকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি প্রদানের তথ্য নিশ্চিত করা হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, নোয়াখালী জেলা শাখার সিদ্ধান্ত মোতাবেক দায়িত্বে অবহেলার কারণে নোয়াখালী সদর উপজেলা ছাত্রদলের সভাপতি সজিবুর রহমান সজিবকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি প্রদান করা হলো।

নোয়াখালী জেলা জেলা ছাত্রদলের সভাপতি এনবিএস রাসেল ও সাধারণ সম্পাদক জিয়াউর রহমান রাহান আজ এই সিদ্ধান্ত অনুমোদন করেন।’