স্বাধীন গণমাধ্যম ছাড়া গণতন্ত্র শক্তিশালী হতে পারে না: মজিবুর রহমান মঞ্জু

মঙ্গলবার, সেপ্টেম্বর ১, ২০২৬

 

জাতির সংবাদ ডটকম।।

ভিওডি বাংলার ২য় বর্ষপূর্তি উপলক্ষে গণমাধ্যমটির কর্তৃপক্ষ, সাংবাদিক ও সংশ্লিষ্ট সকলকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)-এর চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।

আজ মঙ্গলবার ভিওডি বাংলার প্রধান কার্যালয়ে গিয়ে তিনি প্রতিষ্ঠানটির ২য় বর্ষপূর্তি উপলক্ষে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় তিনি ভিওডি বাংলার উত্তরোত্তর সাফল্য, সমৃদ্ধি ও গণমুখী সাংবাদিকতার ধারাবাহিকতা কামনা করেন।

এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেন, স্বাধীন গণমাধ্যম ছাড়া কোনো গণতন্ত্রই শক্তিশালী ও কার্যকর হতে পারে না। একটি গণতান্ত্রিক রাষ্ট্রে গণমাধ্যম শুধু সংবাদ পরিবেশন করে না, বরং জনগণের অধিকার, রাষ্ট্রের জবাবদিহিতা এবং সত্য ও ন্যায়ের পক্ষে জনমত গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।গণমাধ্যমকে কোনো রাজনৈতিক বা ক্ষমতাকেন্দ্রের মুখাপেক্ষী না হয়ে জনগণের কণ্ঠস্বর হিসেবে দায়িত্ব পালন করতে হবে। সত্য প্রকাশের সাহস, বস্তুনিষ্ঠতা ও জনস্বার্থের প্রতি দায়বদ্ধতাই একটি গণমাধ্যমের সবচেয়ে বড় শক্তি।

মঞ্জু আরও বলেন, মতপ্রকাশের স্বাধীনতা ও তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করা ছাড়া একটি জবাবদিহিমূলক রাষ্ট্র প্রতিষ্ঠা সম্ভব নয়। সাংবাদিকদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। একই সঙ্গে গণমাধ্যমকেও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে জনগণের আস্থা ও বিশ্বাস ধরে রাখতে হবে।

তিনি ভিওডি বাংলার বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, জনসম্পৃক্ততা ও সাহসী ভূমিকার প্রশংসা করে বলেন, আগামী দিনে দেশের গণতন্ত্র, মানবাধিকার, সুশাসন ও জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে ভিওডি বাংলা আরও বলিষ্ঠ ভূমিকা রাখবে বলে তিনি প্রত্যাশা করেন।

এবি পার্টির চেয়ারম্যান ভিওডি বাংলার ২য় বর্ষপূর্তিতে প্রতিষ্ঠানটির সকল সাংবাদিক, কর্মকর্তা-কর্মচারী ও সংশ্লিষ্টদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং এর উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

এবি পার্টির নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক এবিএম খালিদ হাসান,ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুল হালিম খোকন, কর্মসংস্থান বিষয়ক সম্পাদক সফিউল বাশার, কেন্দ্রীয় নেতা মোহসীনুল হক চৌধুরী ও প্রবাসী নেতা নুরুন্নবী নয়ন।