নিজস্ব প্রতিবেদক:
সাংবাদিকদের পারস্পরিক সৌহার্দ্য, ভ্রাতৃত্ব ও পারিবারিক বন্ধন আরও সুদৃঢ় করতে সিলেট বিভাগ সাংবাদিক সমিতি, ঢাকা-এর উদ্যোগে আয়োজন করা হয়েছে ব্যতিক্রমী অনুষ্ঠান ‘সিবিসাস নাইট’।
অনুষ্ঠানে ছিল গান, আড্ডা ও নৈশভোজের আয়োজন।
বুধবার সন্ধ্যায় রাজধানীর মালিবাগ এলাকায় অবস্থিত হোটেল স্কাই সিটিতে এই জমকালো আয়োজন অনুষ্ঠিত হয়।
এতে সংগঠনের সদস্যদের পাশাপাশি তাদের পরিবারের সদস্যরাও অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে সাংবাদিকরা নিজেদের পেশাগত ব্যস্ততার বাইরে একসঙ্গে সময় কাটান এবং পারস্পরিক মতবিনিময় করেন।
আয়োজকরা জানান, সাংবাদিকদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সম্প্রীতি বৃদ্ধি এবং পরিবারের সদস্যদের সঙ্গে আনন্দঘন সময় কাটানোর সুযোগ তৈরি করতেই এ ধরনের আয়োজন করা হয়েছে।