নোবিপ্রবি ও নোয়াখালী জেলা পুলিশের মধ্যে সৌহার্দ্যপূর্ণ বৈঠক অনুষ্ঠিত

শুক্রবার, আগস্ট ২৮, ২০২৬

আবদুল বাসেদ,সিনিয়র রিপোর্টার নোয়াখালী: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) শিক্ষার্থী ও নোয়াখালী জেলা পুলিশ প্রশাসনের মধ্যে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির প্রেক্ষাপটে বিশ্ববিদ্যালয় প্রশাসন, শিক্ষার্থী প্রতিনিধি এবং নোয়াখালী জেলা পুলিশ প্রশাসনের প্রতিনিধিদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ ও ফলপ্রসূ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (২৭ আগস্ট ২০২৬) এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে নোবিপ্রবির পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম, ট্রেজারার অধ্যাপক ড. মো. হাছান উদ্দীন, প্রক্টর অধ্যাপক এ এফ এম আরিফুর রহমান, শিক্ষা প্রশাসন বিভাগের চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক জি এম রাকিবুল ইসলাম, বিভাগের প্রভাষক মো. মিনহাজুল আবেদীন এবং শিক্ষার্থী প্রতিনিধি সাকিন, মিঠু, সোহান, হুমায়রা, তারিন, তারেক, রাকিব ও মাহমুদ উপস্থিত ছিলেন।

নোয়াখালী জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আহমেদ পেয়ার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নিয়াকত আকবর এবং সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নজরুল ইসলাম।

বৈঠকে উভয় পক্ষ সাম্প্রতিক ঘটনা নিয়ে নিজেদের অবস্থান তুলে ধরেন। পরে পারস্পরিক আলোচনা ও মতবিনিময়ের মাধ্যমে বিষয়টি সৌহার্দ্যপূর্ণভাবে সমাধানের বিষয়ে একমত হন। আলোচনায়, সৃষ্ট অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি ও ভুল বোঝাবুঝির জন্য নোয়াখালী জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে দুঃখপ্রকাশ করা হয়। একইসঙ্গে শিক্ষার্থীদের উত্থাপিত দাবিগুলোর সঙ্গে জেলা পুলিশ প্রশাসন একাত্মতা প্রকাশ করে। বৈঠকে ভবিষ্যতে নোবিপ্রবির শিক্ষার্থী ও পুলিশ প্রশাসনের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা, সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে যেকোনো পরিস্থিতি মোকাবিলার বিষয়ে উভয় পক্ষ একমত পোষণ করেন।

এদিকে, নোবিপ্রবি শিক্ষার্থীদের পক্ষ থেকেও বিষয়টি নিয়ে ইতিবাচক মনোভাব প্রকাশ করা হয়। তারা পারস্পরিক সৌহার্দ্য ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করেন। বৈঠকে অংশগ্রহণকারী উভয় পক্ষ আশা প্রকাশ করেন, পারস্পরিক সম্মান, সহনশীলতা ও দায়িত্বশীল আচরণের মাধ্যমে নোবিপ্রবি শিক্ষার্থী এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে একটি সুন্দর, সহযোগিতাপূর্ণ ও আস্থাপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে। পাশাপাশি বৈঠকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী ও সকল অংশীজনদের পক্ষ হতে দায়িত্বশীল আচরণ করার অনুরোধ জানানো হয়।