নোবিপ্রবিতে মাস্টারপ্ল্যান প্রণয়ন বিষয়ক অংশীজন সভা অনুষ্ঠিত

বুধবার, সেপ্টেম্বর ৯, ২০২৬

আবদুল বাসেদ,সিনিয়র রিপোর্টার নোয়াখালী: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ‘অধিকতর উন্নয়নে সম্ভাব্যতা সমীক্ষা ও মাস্টারপ্ল্যান প্রণয়ন’ শীর্ষক প্রকল্পের আওতায় মাস্টারপ্ল্যান প্রখণয়নের লক্ষ্যে অবকাঠামোগত মাস্টারপ্ল্যানের ওপর অংশীজন সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (৭ সেপ্টেম্বর ২০২৬) বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ শহিদ মোহাম্মদ রুহুল আমিন অডিটোরিয়ামে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী। সভায় প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী বলেন, বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও অবকাঠামোগত সুবিধাদি বিবেচনায় রেখে এ মাস্টারপ্ল্যান প্রণয়ন করা হচ্ছে। সকলের মতামতের ভিত্তিতে একটি গ্রহণযোগ্য, কার্যকর ও আধুনিক মাস্টার প্ল্যান যেনো তৈরি করা যায় সে লক্ষ্যে আমরা কাজ করছি। উপাচার্য আরও বলেন, নোবিপ্রবিকে এগিয়ে নেয়ার লক্ষ্যে এ মাস্টারপ্ল্যানে আগামী ৫০ বছরের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। প্রস্তাবিত মাস্টারপ্ল্যানে বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রয়োজনের পাশাপাশি ভবিষ্যৎ সম্প্রসারণ ও উন্নয়নের বিষয়গুলোকে গুরুত্ব দেয়া হচ্ছে। একাডেমিক ভবন, গবেষণাগার, আবাসিক সুবিধা, যোগাযোগ ব্যবস্থা ও খেলার মাঠসহ প্রয়োজনীয় অবকাঠামো যেনো সমন্বিত ও পরিবেশবান্ধব উপায়ে গড়ে ওঠে সেভাবেই মাস্টারপ্ল্যান তৈরি করা হচ্ছে। এ সময় উপাচার্য সবার সম্মিলিত প্রচেষ্টা ও পরিকল্পিত উদ্যোগের মাধ্যমে এ মাস্টারপ্ল্যান বাস্তবায়িত করে নোবিপ্রবিকে একটি আধুনিক ও টেকসই বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ও সংশ্লিষ্ট প্রকল্পের প্রকল্প পরিচালক অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলামের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোবিপ্রবি কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. হাছান উদ্দীন। সভা সঞ্চালনা করেন পরিকল্পনা, উন্নয়ন ও ওয়ার্কস দপ্তরের প্রধান প্রকৌশলী ও পরিচালক (অ.দা) মো. জামাল হোসেন। সভায় অন্যান্যের মাঝে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা ও কনসালটেন্সি ফার্মের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।