৩০ সেপ্টেম্বরের মধ্যে মজুরি বোর্ড পুনর্গঠনের দাবি আইবিসির

শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬

নিজস্ব প্রতিবেদক।।

গার্মেন্টস শ্রমিকদের জন্য দ্রুততম সময়ের মধ্যে নতুন নিম্নতম মজুরি নির্ধারণ এবং অবিলম্বে মজুরি বোর্ড পুনর্গঠনের দাবি জানিয়েছে ইন্ডাস্ট্রিঅল বাংলাদেশ কাউন্সিল (আইবিসি)। আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে মজুরি বোর্ড পুনর্গঠন, ৩০ নভেম্বরের মধ্যে নতুন নিম্নতম মজুরি নির্ধারণ এবং ডিসেম্বর ২০২৬ থেকে তা কার্যকর করার দাবি জানিয়েছে সংগঠনটি।

শনিবার (১৯ সেপ্টেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এসব দাবি জানান আইবিসির সাধারণ সম্পাদক সালাউদ্দিন স্বপন।

লিখিত বক্তব্যে তিনি বলেন, ইন্ডাস্ট্রিঅল গ্লোবাল ইউনিয়নের অন্তর্ভুক্ত বাংলাদেশের ১৯টি শ্রমিক সংগঠনের সমন্বয়ে ইন্ডাস্ট্রিঅল বাংলাদেশ কাউন্সিল (আইবিসি) গঠিত। এর মধ্যে ১৬টি ফেডারেশন গার্মেন্টস, দুটি কেমিক্যাল এবং একটি মেটাল সেক্টরের শ্রমিকদের নিয়ে কাজ করছে। আইবিসির দাবি, বাংলাদেশের গার্মেন্টস শিল্পের সংগঠিত শ্রমিকদের প্রায় ৭০ শতাংশ তাদের প্রতিনিধিত্ব করে।

সালাউদ্দিন স্বপন বলেন, বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর সাম্প্রতিক সংশোধনী অনুযায়ী শ্রমিকদের নিম্নতম মজুরি পুনর্নির্ধারণের সময়সীমা পাঁচ বছর থেকে কমিয়ে তিন বছর করা হয়েছে। গার্মেন্টস শ্রমিকদের সর্বশেষ নিম্নতম মজুরি ২০২৩ সালের নভেম্বর মাসে ঘোষণা করা হয়। ফলে আগামী নভেম্বর ২০২৬ সালে তিন বছর পূর্ণ হবে। কিন্তু নতুন মজুরি নির্ধারণের জন্য এখনো মজুরি বোর্ড পুনর্গঠনের দৃশ্যমান উদ্যোগ নেওয়া হয়নি।

তিনি বলেন, আইবিসি গত ৪ আগস্ট শ্রমমন্ত্রী বরাবর চিঠি দিয়ে অবিলম্বে মজুরি বোর্ড পুনর্গঠনের দাবি জানিয়েছে। তবে এখনো কার্যকর কোনো উদ্যোগ না নেওয়ায় গার্মেন্টস শ্রমিকদের মধ্যে হতাশা তৈরি হয়েছে।

সংবাদ সম্মেলনে আইবিসির পক্ষ থেকে আরও বলা হয়, সম্প্রতি সরকারি কর্মচারীদের জন্য নতুন বেতনস্কেল ঘোষণার ফলে বিভিন্ন গ্রেডে উল্লেখযোগ্য হারে বেতন বৃদ্ধি পেয়েছে। একই সময়ে নিত্যপ্রয়োজনীয় পণ্য, বাড়িভাড়া, চিকিৎসা ও জীবনযাত্রার অন্যান্য ব্যয় বেড়ে যাওয়ায় নিম্ন আয়ের গার্মেন্টস শ্রমিকরা চাপে রয়েছেন। এ পরিস্থিতিতে শ্রমিকদের জীবনযাত্রার ব্যয় ও অর্থনৈতিক বাস্তবতা বিবেচনায় নিয়ে নতুন নিম্নতম মজুরি নির্ধারণের দাবি জানানো হয়।
আইবিসির দেওয়া তথ্য অনুযায়ী, ২০০৬ সালে গার্মেন্টস শ্রমিকদের নিম্নতম মজুরি ছিল ১ হাজার ৬৬২ টাকা ৫০ পয়সা। ২০১০ সালে তা ৩ হাজার, ২০১৩ সালে ৫ হাজার ৩০০, ২০১৮ সালে ৮ হাজার এবং ২০২৩ সালে ১২ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়।
সংগঠনটির অভিযোগ, দীর্ঘ সময় ধরে গার্মেন্টস শ্রমিকরা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখলেও জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে তাদের মজুরি বৃদ্ধি হয়নি। শ্রমিকদের জীবনমান উন্নয়নে কার্যকর পদক্ষেপ নেওয়ারও দাবি জানানো হয়।
আইবিসির তিন দফা দাবি
১. ৩০ সেপ্টেম্বর ২০২৬-এর মধ্যে মজুরি বোর্ড পুনর্গঠন করতে হবে।
২. ৩০ নভেম্বর ২০২৬-এর মধ্যে নতুন নিম্নতম মজুরি নির্ধারণ সম্পন্ন করতে হবে।
৩. ডিসেম্বর ২০২৬ থেকে নতুন নিম্নতম মজুরি কার্যকর করতে হবে।
আন্দোলন কর্মসূচি
দাবি আদায়ে আগামী ৪ অক্টোবর সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ করার ঘোষণা দিয়েছে আইবিসি। পরে মিছিল নিয়ে শ্রমমন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়া হবে।
এছাড়া ৫ অক্টোবর থেকে ২০ অক্টোবরের মধ্যে গাজীপুর, সাভার-আশুলিয়া, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামে আইবিসির আঞ্চলিক কমিটির উদ্যোগে সমাবেশ ও বিক্ষোভ মিছিল আয়োজনের ঘোষণা দেওয়া হয়েছে।

সংবাদ সম্মেলনে আইবিসির সভাপতি মীর আবুল কালাম আজাদ, সিনিয়র সহ-সভাপতি আমিরুল হক আমিন, সহ-সভাপতি চায়না রহমান, কুতুব উদ্দিন আহমেদ, রুহুল আমিন, বাবুল আক্তার, নুরুল ইসলাম, শহিদুল্লাহ বাদল, খাদিজা রহমান, কায়সারুননবী রুবেল, খাদিজা আক্তার, তমিজা সুলতানা, হাসান আলীসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া আইবিসির আঞ্চলিক, নারী ও যুব কমিটির নেতারাও উপস্থিত ছিলেন।

জাতির সংবাদ /রাআ