তরুণদের দক্ষতা বাড়াতে অভিন্ন প্রশিক্ষণ ব্যবস্থা চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬

দেশের তরুণদের জাতীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারে দক্ষ ও প্রতিযোগিতামূলক করে তুলতে বিভিন্ন মন্ত্রণালয়ের প্রশিক্ষণ কার্যক্রমে অভিন্ন সিলেবাস ও সনদায়ন ব্যবস্থা চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে। এ লক্ষ্যে সব প্রশিক্ষণ কার্যক্রমকে সমন্বিত কাঠামোর আওতায় আনার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের (এনএসডিএ) গভর্নিং বডির তৃতীয় সভায় সভাপতিত্বকালে প্রধানমন্ত্রী এ নির্দেশনা দেন। প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব কে এম নাজমুল হক এ তথ্য জানান।

সভায় প্রধানমন্ত্রী বলেন, দেশের বিভিন্ন মন্ত্রণালয়ের অধীনে অনেক প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হলেও যথাযথ সমন্বয়ের অভাবে এসব প্রশিক্ষণ ও সনদ অনেক ক্ষেত্রে প্রত্যাশিত ভূমিকা রাখতে পারছে না। ফলে জাতীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারে তরুণরা এসব সনদের কাঙ্ক্ষিত স্বীকৃতি পাচ্ছেন না।

তিনি বলেন, অভিন্ন ও আন্তর্জাতিক মানসম্পন্ন প্রশিক্ষণ এবং সনদায়ন ব্যবস্থা চালু করা গেলে তরুণদের দক্ষতা উন্নয়নের পাশাপাশি শ্রমবাজারে তাদের গ্রহণযোগ্যতা ও স্বীকৃতি বাড়বে।

এ লক্ষ্যে বিভিন্ন মন্ত্রণালয়ের দক্ষতা উন্নয়ন ও প্রশিক্ষণ কার্যক্রমকে একটি সমন্বিত কাঠামোর আওতায় আনার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। এ বিষয়ে প্রয়োজনীয় নীতিমালা প্রণয়নে অল্প সময়ের মধ্যে একটি ছোট কমিটি গঠনের কথাও বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, জাতীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদার ভিত্তিতে দক্ষ মানবসম্পদ তৈরিতে এনএসডিএ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আন্তর্জাতিক শ্রমবাজারে বাংলাদেশের দক্ষ জনশক্তির চাহিদা বাড়ানোর ক্ষেত্রেও প্রতিষ্ঠানটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করতে পারে।

তিনি দেশের যুবসমাজের দক্ষতা উন্নয়নের ওপর গুরুত্ব দিয়ে শ্রমবাজারের বর্তমান ও ভবিষ্যৎ চাহিদা বিবেচনায় প্রশিক্ষণ কার্যক্রম সাজানোর নির্দেশ দেন।

সভায় প্রশিক্ষণের মানোন্নয়ন, সনদায়ন এবং বিভিন্ন প্রতিষ্ঠানের সনদের পারস্পরিক স্বীকৃতির বিষয়েও আলোচনা হয়।

একই সঙ্গে জাতীয় দক্ষতা উন্নয়নসংক্রান্ত নীতি ও কৌশলপত্র, খাতভিত্তিক দক্ষতার চাহিদা বিশ্লেষণ এবং স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।

সভায় এনএসডিএর প্রশাসনিক কাঠামো, জনবল ও কার্যাবলি সম্পর্কেও প্রধানমন্ত্রীকে অবহিত করা হয়।

আলোচনায় জাতীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষ মানবসম্পদ তৈরির জন্য বিভিন্ন প্রশিক্ষণ কর্মসূচিকে একই মানদণ্ডের আওতায় আনার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেওয়া হয়।

প্রস্তাবিত সমন্বিত ব্যবস্থায় অভিন্ন সিলেবাস, প্রশিক্ষণের মান, সনদায়ন এবং সনদের স্বীকৃতির বিষয়গুলোকে গুরুত্ব দেওয়া হবে। এর মাধ্যমে প্রশিক্ষণপ্রাপ্ত তরুণদের দক্ষতা যাচাই ও শ্রমবাজারে তাদের যোগ্যতা মূল্যায়ন আরও সহজ করার লক্ষ্য রয়েছে।

সভায় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ, শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন উপস্থিত ছিলেন।

এ ছাড়া জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবিএম আব্দুস সাত্তার, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুণ, এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক অধ্যাপক ড. এস এম আব্দুল আওয়াল, এনএসডিএর নির্বাহী চেয়ারম্যানসহ বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারা সভায় অংশ নেন।