জাতির সংবাদ ডটকম, নিউইয়র্ক:
জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDGs) বাস্তবায়ন, শান্তি, ন্যায়বিচার, মানবাধিকার ও গণতান্ত্রিক মূল্যবোধ নিয়ে “UN SDGs Conference 2026” গত ২১ সেপ্টেম্বর ২০২৬ নিউইয়র্কে অনুষ্ঠিত হয়েছে। জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন (UNGA 81)-এর সমান্তরালে আয়োজিত এই সম্মেলনে বিভিন্ন দেশ ও অঞ্চলের নাগরিক সমাজের প্রতিনিধি, মানবাধিকারকর্মী, গবেষক, পেশাজীবী ও কমিউনিটি প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

সম্মেলনে বিশেষভাবে SDG-16: Peace, Justice and Strong Institutions-এর আলোকে শান্তি, ন্যায়বিচার, মানবাধিকার, আইনের শাসন, জবাবদিহিতা এবং অংশগ্রহণমূলক গণতন্ত্র নিয়ে আলোচনা হয়। আলোচনায় বিশেষ গুরুত্ব দেওয়া হয় বাংলাদেশের গনতন্ত্র ও সাংবিধানিক অধিকারকে। রাজনীতি নিষিদ্ধ, মানবাধিকার লঙ্ঘন, সাংবাদিক নির্যাতন, শিশু নির্যাতন, বিনাকারনে আটকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে বিভিন্ন দেশের প্রতিনিধিগন বক্তব্য রাখেন ।
বক্তারা বলেন, টেকসই উন্নয়ন শুধু অর্থনৈতিক অগ্রগতির মধ্যে সীমাবদ্ধ নয়; এর সঙ্গে মানবাধিকার, সামাজিক ন্যায়বিচার, আইনের শাসন, সুশাসন এবং নাগরিকদের মৌলিক অধিকার নিশ্চিত করার বিষয়গুলোও গভীরভাবে সম্পর্কিত। রাষ্ট্র ও সমাজের প্রতিটি নাগরিকের সমান অধিকার ও মর্যাদা নিশ্চিত করা SDGs বাস্তবায়নের অন্যতম গুরুত্বপূর্ণ ভিত্তি বলেও আলোচনায় উঠে আসে।
সম্মেলনে বাংলাদেশসহ বিভিন্ন দেশের বর্তমান সামাজিক, রাজনৈতিক ও মানবাধিকার পরিস্থিতি নিয়েও মতবিনিময় হয়। বিশেষ করে সাংবিধানিক অধিকার, গণতান্ত্রিক অংশগ্রহণ, নাগরিক স্বাধীনতা এবং শক্তিশালী ও জবাবদিহিমূলক প্রতিষ্ঠান গড়ে তোলার গুরুত্ব তুলে ধরা হয়।
এই অনুষ্ঠানে মহামান্য পদ্মশ্রী অধ্যাপক ডক্টর বিজয় কুমার শাহ, বিজ্ঞানী ডঃ নুরব নবী, প্রখ্যাত রাজনীতিবিদ মোহাম্মদ আমিনুল ইসলাম, রাষ্ট্রদূত জেনারেল জাসো সালদানা বারবারা, আইভ লীগের প্রাক্তন ছাত্র ডাঃ সুভাষ শর্মা, ইউনাইটেড হিউম্যান রাইটস এর পরিচালক নিকোলে বার্থ, আফ্রিকান রানী ড. এলিজাবেথ আফোলালো, এইচ ই জাসো বার্বারা উপস্থিত ছিলেন। আইএসভিজি সভাপতি ড. দিকপাল কে বৈদ্য, প্রফেসর বুহারী ইশা, সাংস্কৃতিক কর্মী আনে ফেরদুস, মান্নান বাবলু, ডা. তনুজা তনু, প্রফেসর ড. সুরিয়া বানু, অ্যাডভোকেট লুবনা ইয়াসমিন, অ্যাডভোকেট ওবায়দুর রহমান লস্কর, অ্যাডভোকেট খন্দকার শাহরিয়া হাসান, ডা. কালিনা আহমেদ, ডা. কালিম আহমেদ, ডা. রেজওয়ান মোস্তফা জুবারী, ড. নুহু মোহাম্মদ সহ অন্যান্য বিশিষ্টজন। অ্যাডভোকেট ডাঃ এম আই জারগার পাটনাভির সভাপতিত্বে এবং ডাঃ মোঃ আনামুল হকের পরিচালনায় সম্মেলনটি সফলভাবে সমাপ্ত হয়।
সম্মেলনের আলোচনায় অংশ নিয়ে নাগরিক সমাজের প্রতিনিধিরা বলেন, রাজনৈতিক দল, ব্যক্তি বা গোষ্ঠীর ঊর্ধ্বে উঠে প্রতিটি নাগরিকের সমান অধিকার, শান্তি, ন্যায়বিচার ও মানবাধিকার নিশ্চিত করাই একটি টেকসই ও গণতান্ত্রিক সমাজের মূল লক্ষ্য হওয়া উচিত।
আয়োজকদের পক্ষ থেকে বলা হয়, “UN SDGs Conference 2026” আন্তর্জাতিক পর্যায়ে নাগরিক সমাজের অংশগ্রহণ বাড়ানো এবং SDGs-এর বিশেষ করে SDG-16 বাস্তবায়নে শান্তি, ন্যায়বিচার, মানবাধিকার ও শক্তিশালী প্রতিষ্ঠান প্রতিষ্ঠার বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।
সম্মেলন শেষে অংশগ্রহণকারীরা টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে আন্তর্জাতিক সহযোগিতা, মানবাধিকার সুরক্ষা, আইনের শাসন এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন।