নিজস্ব প্রতিবেদক: আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আগামী ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত সরকারি ছুটি থাকবে। তবে ১৭ অক্টোবর শনিবার সাপ্তাহিক ছুটির দিন হলেও সরকারি অফিস খোলা রাখা হবে।
২২ অক্টোবর বৃহস্পতিবার ছুটি থাকায় ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত সরকারি চাকরিজীবীরা টানা পাঁচ দিনের ছুটি ভোগ করতে পারবেন।
একইসাথে আগামী ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষ্যে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।
আজ সোমবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী আসন্ন শারদীয় দুর্গাপূজা ২০২৬ উপলক্ষ্যে ঘোষিত সাধারণ ছুটি ও নির্বাহী আদেশে সরকারি ছুটির ভারিখ পুনঃনির্ধারণের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।
প্রতিবছর ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’-এ সাধারণ ছুটি থাকবে। মন্ত্রিপরিষদ বিভাগের জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন সংক্রান্ত পরিপত্রে ‘ক’ শ্রেণিভুক্ত দিবস হিসেবে এটি পালন করা হবে।