নার্সিং সেক্টরে ফ্যাসিবাদীদের প্রশ্রয় দেওয়ার অভিযোগ বিলকিস জাহানের বিরুদ্ধে

মঙ্গলবার, অক্টোবর ৬, ২০২৬

‎
‎জাতির সংবাদ ডটকম :
‎
‎নার্সিং সেক্টরে আওয়ামী লীগ সমর্থিত নার্সদের প্রশ্রয়, সাংগঠনিক কার্যক্রমে সম্পৃক্ততা এবং অর্থের বিনিময়ে বিভিন্ন প্রশাসনিক কাজে সহযোগিতার অভিযোগ উঠেছে নার্সেস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ন্যাব)-এর সভানেত্রী বিলকিস জাহানের বিরুদ্ধে।

‎অভিযোগ রয়েছে, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে বিলকিস জাহান নিজেকে নার্সেস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ন্যাব)-এর সভানেত্রী হিসেবে দাবি করে আসছেন। তবে সংগঠনটির প্রকৃত নেতৃত্ব ও কমিটি নিয়ে নার্সিং সেক্টরে দীর্ঘদিন ধরেই বিরোধ রয়েছে বলে সংশ্লিষ্টদের দাবি।
‎
‎অভিযোগকারীদের দাবি, দেশের বিভিন্ন বিশেষায়িত হাসপাতাল ও মেডিকেল কলেজ হাসপাতালে আওয়ামী লীগ সমর্থিত স্বাধীনতা নার্সেস অ্যাসোসিয়েশন (স্বানাপ) ও বঙ্গবন্ধু নার্সেস অ্যাসোসিয়েশনের সঙ্গে সম্পৃক্ত নার্সদের বিভিন্নভাবে সহযোগিতা করে আসছেন বিলকিস জাহান। এমনকি বদলি ঠেকানোসহ বিভিন্ন প্রশাসনিক কার্যক্রমে তাদের সহযোগিতা করার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।
‎
‎এছাড়া দলীয় বিভিন্ন কর্মসূচিতে স্বানাপ সমর্থিত নার্সদের নিয়ে অংশগ্রহণ এবং সেসব কর্মসূচির ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করার অভিযোগও করেছেন সংশ্লিষ্টরা।
‎
‎অভিযোগে আরও বলা হয়, রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, পঙ্গু হাসপাতাল, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতাল, জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতাল এবং মিটফোর্ড হাসপাতালসহ বিভিন্ন প্রতিষ্ঠান থেকে নার্সদের নিয়ে রাজনৈতিক কর্মসূচিতে অংশগ্রহণ করা হয়েছে। পাশাপাশি দেশের বিভিন্ন হাসপাতালে অর্থের বিনিময়ে স্বানাপ সমর্থিত নার্সদের দিয়ে কমিটি গঠনের অভিযোগও উঠেছে।
‎
‎মিটফোর্ড হাসপাতালের স্বানাপের সভানেত্রী সানোয়ারা বেগম ও সাধারণ সম্পাদক মাহামুদা আকতারসহ কয়েকজনকে নিয়ে বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ এবং তাদের বিএনপি সমর্থিত নার্স হিসেবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ করেছেন নার্সিং সেক্টরের একাংশ।
‎
‎এদিকে এসব ঘটনায় প্রকৃত বিএনপি সমর্থিত নার্সদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে বলে দাবি করেছেন অভিযোগকারীরা। তাদের দাবি, নার্সিং সেক্টরে রাজনৈতিক স্বচ্ছতা ও সাংগঠনিক শৃঙ্খলা ফিরিয়ে আনতে বিলকিস জাহানের বিরুদ্ধে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।
‎
‎
‎এ বিষয়ে নার্সেস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ন্যাব)-এর সভানেত্রী জাহানারা সিদ্দিকীর সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি দাবি করেন, তার কমিটি ২০০৩ সালে অনুমোদিত হয়। পরবর্তীতে ২০১২ সালে বিলকিস জাহান আওয়ামী লীগ সমর্থিত লোকজনকে নিয়ে মৌখিকভাবে একটি কমিটি ঘোষণা করেন বলে তিনি অভিযোগ করেন।
‎
‎জাহানারা সিদ্দিকী আরও দাবি করেন, তাকে নিয়মিত গুলশান কার্যালয়ে পেশাজীবীদের বিভিন্ন সভায় দলীয়ভাবে আমন্ত্রণ জানানো হতো। তার ভাষ্য অনুযায়ী, বিলকিস জাহানের নেতৃত্বাধীন কমিটি বৈধ নয়। তিনি আরও বলেন, তার বিভিন্ন কর্মসূচিতে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীসহ দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকেন।
‎
‎এসব অভিযোগের বিষয়ে জানার জন্য বিলকিস জাহানের মুঠোফোনে (০১৭১…..৮৬৬) যোগাযোগ করার চেষ্টা করলে তিনি ফোনটি রিসিভ করেননি।
‎
‎