শ্রীমঙ্গলে প্রথমবারের মতো কবীর-লালন ভাবসংগীত উৎসব, আসছেন ঢাকার ১০ গুণী ভাবসংগীত শিল্পীবৃন্দ

বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬

জাতির সংবাদ ডটকম।। 

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে প্রথমবারের মতো আয়োজন করা হচ্ছে কবীর-লালন ভাবসংগীত উৎসব। সংস্কৃতি মন্ত্রণালয়ের সহযোগিতায় লালন বিশ্বসংঘ আয়োজিত এ উৎসবের উদ্বোধন করবেন শ্রীমঙ্গলের কৃতি লেখক-গবেষক প্রফেসর নৃপেন্দ্রলাল দাশ।
প্রধান অতিথির আসন অলঙ্কৃত করবেন মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনের জাতীয় সংসদ সদস্য মোঃ মুজিবুর রহমান চৌধুরী।

শুক্রবার (৩০ অক্টোবর) সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত শ্রীমঙ্গল জেলা পরিষদ অডিটোরিয়ামে এ উৎসব অনুষ্ঠিত হবে। এতে অংশ নিতে ঢাকা থেকে আসছেন কবীর -লালন মিউজিক্যাল মিশনের ১০ জন গুণী ভাবসংগীত শিল্পী। তাঁদের পরিবেশনায় কবীর ও লালনের মুক্ত ভাবধারার গান ধারাভাষ্যসহ উপভোগের সুযোগ পাবেন এ অঞ্চলের রসগ্রাহী দর্শক-শ্রোতারা।

আয়োজকদের দেয়া তথ্য অনুযায়ী, লালন বিশ্বসংঘের উদ্যোগে আয়োজিত এ উৎসবে কবীর ও লালনের দর্শন, মানবতাবাদ, অসাম্প্রদায়িক মুক্ত চেতনা এবং মরমী সংগীতের ঐতিহ্য তুলে ধরা হবে। ভাবসংগীতের মধ্য দিয়ে মানুষে মানুষে সদ্ভাব, সম্প্রীতি, মানবিকতা ও আত্মোপলব্ধির বার্তা ছড়িয়ে দেয়াই এ আয়োজনের প্রকৃত উদ্দেশ্য।

শ্রীমঙ্গলে পর্যটন ও সাংস্কৃতিক নানা আয়োজন থাকলেও কবীর-লালন ভাবসংগীতকে কেন্দ্র করে এ ধরনের উৎসব স্থানীয় সাংস্কৃতিক অঙ্গনে নতুন মাত্রা যোগ করবে বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। ঢাকার ১০ জন গুণী শিল্পীর অংশগ্রহণ উৎসবটিকে আরও আকর্ষণীয় করে তুলবে বলে আশা করছেন আয়োজকেরা।

সংগীতপ্রেমী, সংস্কৃতিকর্মী ও দর্শক-শ্রোতাদের উৎসবে অংশ নেয়ার আহ্বান জানিয়েছেন আয়োজকেরা। তাঁদের প্রত্যাশা, এ আয়োজনের মধ্য দিয়ে শ্রীমঙ্গলে মরমী ভাবসংগীতের চর্চা ও প্রসার আরও গতিশীল হবে।

গত ১১ সেপ্টেম্বর ঢাকায় শিল্পকলা একাডেমিতে এ উতসব শুরু হয়ে দেশের ৭ বিভাগে সফলভাবে সুসম্পন্ন করে শ্রীমঙ্গলে আগামী ৩০ অক্টোবর শুক্রবার এর সমাপনী ঘটবে।

এ উৎসবের সমাপনী অনুষ্ঠানের সমাপ্তি ঘটবে বৃহত্তর সিলেট বিভাগের বিভিন্ন চা বাগানে নিয়োজিত শ্রমজীবী কবীরপন্থী ও রবিদাসপন্থী সম্প্রদায়ের সঙ্গীত ও নৃত্য নিবেদনের মধ্য দিয়ে।