শ্রীমঙ্গলে উত্তরাধিকারী সনদে অনিয়মের অভিযোগ

বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬

মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারের শ্রীমঙ্গল পৌরসভা থেকে প্রকৃত উত্তরাধিকারীদের সবার নাম অন্তর্ভুক্ত না করে উত্তরাধিকারী সনদ দেওয়ার অভিযোগ তুলেছেন মোহাম্মদ শাহজাহান ।

তিনি অভিযোগ করেন, তাঁর মৃত স্ত্রী আয়েশা খাতুনের সম্পত্তির উত্তরাধিকার নিয়ে জটিলতা সৃষ্টি হয়েছে। তাঁর মেয়ে ফাতেমা নওরীন মোহনা নিজেকে ওই সম্পত্তির একক উত্তরাধিকারী দাবি করে পৌরসভা থেকে সনদ সংগ্রহ করেছেন বলে অভিযোগ করেন তিনি।

শাহজাহান মিয়ার দাবি, ২০২৫ সালের ১৯ অক্টোবর ইস্যু করা ওই সনদে তাঁর নাম অন্তর্ভুক্ত করা হয়নি। এ ঘটনায় গত ১৮ অক্টোবর শ্রীমঙ্গল পৌরসভার প্রশাসকের কাছে সনদটি বাতিলের আবেদন করেছেন তিনি।

এ ছাড়া, সনদ ব্যবহার করে সম্পত্তি দাবি করার অভিযোগের বিষয়ে শ্রীমঙ্গল উপজেলা ভূমি অফিসের সহকারী কমিশনারের (ভূমি) কাছে পৃথক আবেদন করেছেন তিনি। আবেদনে ২৪২৩ নম্বর স্মারকের অধীনে ৭৯/২০২৫-২০২৬ নম্বর মিসকেস মামলাটি বাতিলের দাবি জানিয়েছেন।

সংবাদ সম্মেলনে শাহজাহান বিতর্কিত সনদটির বিষয়ে নিরপেক্ষ তদন্ত, প্রকৃত উত্তরাধিকারীদের তথ্য যাচাই এবং অনিয়ম প্রমাণিত হলে সনদ বাতিলের দাবি জানান।