অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা করল বাংলাদেশ

বৃহস্পতিবার, জুন ১১, ২০২৬

স্পোর্টস ডেস্ক: অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। চলমান ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচ চলাকালীন মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দল ঘোষণা করেন প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন।

তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শেষে একই প্রতিপক্ষের বিপক্ষে টি-টোয়েন্টি লড়াইয়ে নামবে বাংলাদেশ।

আগামী ১৭ জুন শুরু হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। সেই সিরিজকে সামনে রেখে ঘোষিত দলে বেশ কয়েকটি পরিবর্তন এনেছে নির্বাচকরা। আগের স্কোয়াড থেকে বাদ পড়েছেন মোহাম্মদ সাইফউদ্দিন। এছাড়া চোটের কারণে দলে জায়গা হয়নি পেসার দুই পেসার রিপন মন্ডল ও তানজিম হাসান সাকিবের।

জানা গেছে, কুঁচকির চোটের কারণে অস্ট্রেলিয়া সিরিজের স্কোয়াড থেকে জায়গা হারিয়েছেন রিপন মন্ডল। পিঠের চোটে তানজিম সাকিব সবশেষ সিরিজেই খেলতে পারেননি। তাদের পরিবর্তে দলে ফিরেছেন তাসকিন আহমেদ ও একটি টি-টোয়েন্টি খেলা নাহিদ রানা।

দলের নেতৃত্বে থাকছেন নিয়মিত অধিনায়ক লিটন দাস। তবে সহ-অধিনায়কের দায়িত্বে এসেছে পরিবর্তন। টপ-অর্ডার ব্যাটার সাইফ হাসান আর এই দায়িত্ব পালন করতে আগ্রহী নন বলে জানা গেছে। ফলে নতুন সহ-অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন তাওহীদ হৃদয়।

এদিকে অস্ট্রেলিয়ার বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে বাংলাদেশ। বৃহস্পতিবার দ্বিতীয় ম্যাচ জিততে পারলেই সিরিজ নিশ্চিত করবে টাইগাররা। দুই দলের মধ্যকার তৃতীয় ও শেষ ওয়ানডে অনুষ্ঠিত হবে ১৪ জুন।

টি-টোয়েন্টি সিরিজের তিনটি ম্যাচই হবে চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে। ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ১৭, ১৯ ও ২১ জুন। প্রতিটি ম্যাচ শুরু হবে দুপুর ২টায়।

একনজরে টি-টোয়েন্টি দল
লিটন দাস (অধিনায়ক), পারভেজ হোসেন, তানজিদ হাসান, সাইফ হাসান, শামীম হোসেন, তাওহীদ হৃদয় (সহ-অধিনায়ক), নুরুল হাসান, মেহেদী হাসান, নাসুম আহমেদ, রিশাদ হোসেন, শরীফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, নাহিদ রানা ও আব্দুল গাফফার।