নিজস্ব প্রতিবেদক: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে শিক্ষার্থীদের নিরাপদ ও স্বস্তিদায়ক যাত্রা নিশ্চিত করতে বিভাগীয় শহরগুলোতে বাস সার্ভিস চালুর উদ্যোগ নিয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) প্রশাসন।
গতকাল বুধবার রাতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুলের সহকারী রেজিস্ট্রার মো. মোশারফ হোসেন ভূঁইয়া বিষয়টি বাসস’কে নিশ্চিত করেছেন।
তিনি বলেছেন, খুলনা, বরিশাল, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম এই ৭টি বিভাগে শিক্ষার্থীর সংখ্যা বিবেচনায় বাস দেয়া হবে। এ জন্য কোন বিভাগের কতজন শিক্ষার্থী আছে তার তালিকা চাওয়া হয়েছে।
বৃহস্পতিবার রাতে বাস ছাড়ার পরিকল্পনা রয়েছে।
উল্লেখ্য, যে সকল শিক্ষার্থী উল্লেখিত শহরে যেতে আগ্রহী তাদেরকে আজ সকাল ১১টার মধ্যে আঞ্চলিক সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকদের সাথে যোগাযোগ করে পরিবহন পুলে তথ্য জমা দেয়ার জন্য অনুরোধ জানান হয়েছে।
নৃ-বিজ্ঞান বিভাগের মাস্টার্স ১ম বর্ষের শিক্ষার্থী আবুল বাশার বাসস’কে জানান, আমরা ঈদ যাত্রায় প্রশাসনের কাছে বিভাগীয় শহরে বাসের জন্য লিখিত দাবি করেছিলাম। সে প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন দেশের সবক’টি বিভাগে বাস দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। এতে আমরা সাধারণ শিক্ষার্থীরা খুশি।
ব্যবস্থাপনা বিভাগের ছাত্রী তাবাসসুম আক্তার জানান, নিজ ক্যাম্পাসের বাসে বাড়ি যাবো বিষয়টি রোমাঞ্চকর। ধন্যবাদ বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আমাদের ভোগান্তি লাঘবে ব্যবস্থা গ্রহণের জন্য।
এ বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. এম এম শরীফুল করীম বাসস’কে বলেন, ঈদ যাত্রায় শিক্ষার্থীদের ভোগান্তির কথা চিন্তা করে এবং তাদের দাবির প্রেক্ষিতে বিভাগীয় শহরগুলোতে বাস দেয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এতে নিজ নিজ বিভাগীয় শহরে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের বাসে করে বাড়ি যেতে পারবে।