উচ্চ আদালতে রামিসার মামলার শুনানি এগিয়ে আনতে সুপারিশ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

রবিবার, জুন ৭, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: রামিসা হত্যা ও ধর্ষণ মামলার রায় দ্রুত কার্যকরে উচ্চ আদালতের শুনানি এগিয়ে আনতে অ্যাটর্নি জেনারেলকে সুপারিশ করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

রোববার (৭ জুন) সচিবালয়ে মন্ত্রীর অফিস কক্ষের সামনে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, রামিসা হত্যা মামলার দ্রুত তদন্ত, চার্জশিট এবং মৃত্যুদণ্ডের রায় বাংলাদেশের ইতিহাসে একটি মাইলফলক।

সালাহউদ্দিন আহমদ বলেন, বিবেচনা করে শুনানির সিরিয়াল এগিয়ে আনার জন্য অ্যাটর্নি জেনারেলের মাধ্যমে সুপ্রিম কোর্টের নজরে আনা হবে।

এ সময় পুলিশ বাহিনীর মনোবল বাড়াতে ভালো কাজের জন্য পুরস্কৃত করা হবে বলেও জানান তিনি।

সীমান্ত নিরাপত্তা প্রসঙ্গে মন্ত্রী জানান, ভারতের নয়াদিল্লিতে কাল থেকে বিজিবি এবং বিএসএফ-এর ডিজি পর্যায়ের বৈঠক শুরু হতে যাচ্ছে। এই বৈঠকে সীমান্ত হত্যা ও অবৈধ অনুপ্রবেশের মতো বিষয়গুলো কূটনৈতিক উপায়ে সমস্যা সমাধানের চেষ্টা করা হবে।

মাদক ও জুয়াবিরোধী অভিযান প্রসঙ্গে তিনি বলেন, অপরাধীরা যাতে আইনের কোনো ফাঁকফোকরে জামিন না পায়, সেজন্য আইনি সংস্কার করা হচ্ছে।