সাইফুল ইসলাম।।
বহুজাতিক ব্যাংক এইচএসবিসি (HSBC) বাংলাদেশ কর্তৃক ২৫৭ জন কর্মীকে বেআইনিভাবে চাকরিচ্যুত করা এবং করপোরেট প্রতারণার অভিযোগে শুক্রবার রাজধানীর পুরানা পল্টনে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) মিলনায়তনে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, যথাযথ আইনগত প্রক্রিয়া অনুসরণ না করে বিপুল সংখ্যক কর্মীকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে, যা শ্রম আইন ও কর্মীদের মৌলিক অধিকারের পরিপন্থী। ক্ষতিগ্রস্ত কর্মীদের দাবি, দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানে দায়িত্ব পালনের পরও তারা ন্যায্য সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হয়েছেন।
বক্তারা বলেন, বেআইনি ছাঁটাইয়ের ফলে শতাধিক পরিবার চরম অনিশ্চয়তার মধ্যে পড়েছে। তারা বিষয়টি তদন্ত করে ক্ষতিগ্রস্ত কর্মীদের পুনর্বহাল, ন্যায্য ক্ষতিপূরণ এবং দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।
সংবাদ সম্মেলনে উপস্থিত ক্ষতিগ্রস্ত কর্মীরা জানান, তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা শান্তিপূর্ণ কর্মসূচি চালিয়ে যাবেন এবং ন্যায়বিচার প্রতিষ্ঠায় সংশ্লিষ্ট সব মহলের সহযোগিতা কামনা করেন।