কবি আল মুজাহিদীর মৃত্যুতে বিআরজেএফ’র শোক

শুক্রবার, জুন ১৯, ২০২৬



জাতির সংবাদ ডটকম :
‎একুশে পদক প্রাপ্ত বরেণ্য কবি, বীর মুক্তিযোদ্ধা, বিশিষ্ট সাংবাদিক, জাতীয় প্রেস ক্লাব ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের সদস্য কবি আল মুজাহিদীর ‎মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফাউন্ডেশন (বিআরজেএফ)

‎আজ শুক্রবার বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফাউন্ডেশন এর সভাপতি ও সাধারণ সম্পাদক পক্ষে যুগ্মসাধারণ সম্পাদক রাসেল আহমেদ স্বাক্ষরিত একবার্তায় বরেণ্য এই ব্যাক্তিত্বের মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন।

‎নেতৃবৃন্দ, তার এই মৃত্যুকে বাংলা সাহিত্য ও সাংবাদিকতা পেশার অপূরনীয় ক্ষতি উল্লেখ করে বলেন, আল মুজাহিদী তার সৃষ্টি ও কর্মের মাঝে বেঁচে থাকবেন। নেতৃবৃন্দ বলেন, মহান আল্লাহ যেন তার সকল মানবিক ভুলগুলো ক্ষমা করে জান্নাতের সুশীতল ছায়ায় আশ্রয় দান করেন এবং শোকাহত স্বজনদের ধৈর্য ধারণের তৌফিক দেন।

‎আজ দুপুর ১ টা ৪০ মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মহান রবের ডাকে সাড়া দিয়ে পরপারে পাড়ি জমান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর।

‎আল মুজাহিদী দীর্ঘদিন থেকে শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। তিনি স্ত্রী পলিন পারভীন, ছেলে শাবিব আল মুজাহিদী, মেয়ে মারিয়ামা জাবীন আল মুজাহিদী, নাতি–নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

‎কবি আল মুজাহিদীর জন্ম ১৯৪০ সালের ১৯ জুন, টাঙ্গাইলে। তিনি দীর্ঘ তিন দশকেরও বেশিকাল দৈনিক ইত্তেফাক পত্রিকার সাহিত্য সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। রাষ্ট্রীয় একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদীর কুড়িটির অধিক কাব্যগ্রন্থসহ প্রকাশিত গ্রন্থের সংখ্যা অর্ধশতাধিক। তিনি কবিতার পাশাপাশি উপন্যাস, ছোটগল্প, শিশুতোষ গ্রন্থও রচনা করেছেন।