জাতির সংবাদ ডটকম।।
রাজধানীর গুলিস্তানের ফুলবাড়িয়া ট্রাফিক বক্সে প্রকাশ্যে এক মোটরসাইকেলচালকের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ উঠেছে ট্রাফিক বিভাগের কনস্টেবল বাবর আলীর বিরুদ্ধে। ঘটনাটির একটি ভিডিও প্রতিবেদকের হাতে এসেছে। ভিডিওতে মোটরসাইকেল চালকের কাছ থেকে টাকা গ্রহণের পর তার মোটরসাইকেলের কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স ফেরত দেওয়ার দৃশ্য দেখা যায়।
বুধবার (২৯ জুলাই) বিকেল ৪টা ৩৬ মিনিটে গুলিস্তানের ফুলবাড়িয়া ট্রাফিক বক্সের সামনে এ ঘটনা ঘটে। প্রতিবেদকের মোবাইল ফোনে ধারণ করা ৫৯ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, ভিডিওর ৩৯ সেকেন্ডে এক মোটরসাইকেলচালক তার মানিব্যাগ থেকে ৫০০ টাকার একটি নোট বের করেন। এরপর ৪৯ সেকেন্ডে ওই চালক ট্রাফিক কনস্টেবল বাবর আলীর হাতে ৫০০ টাকার নোটটি দেন। একই সময়ে বাবর আলীর বাম হাতে থাকা মোটরসাইকেলের কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স চালকের কাছে ফেরত দেওয়ার দৃশ্য দেখা যায়। কাগজপত্র বুঝে নেওয়ার পর মোটরসাইকেলচালক ঘটনাস্থল ত্যাগ করেন।
ঘটনার পর প্রতিবেদক মোটরসাইকেলচালকের সঙ্গে কথা বলতে চাইলে তিনি কোনো মন্তব্য না করে দ্রুত সেখান থেকে চলে যান।
অভিযোগের বিষয়ে ট্রাফিক কনস্টেবল বাবর আলীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি প্রথমে ভিডিওটি দেখতে চান। ভিডিওটি দেখার পর তিনি বলেন, ‘এটা সমাধানের ব্যবস্থা করেন।’ তবে ভিডিওতে দেখা যাওয়া টাকা গ্রহণের বিষয়ে তিনি কোনো সুস্পষ্ট ব্যাখ্যা দেননি।
এ বিষয়ে ফুলবাড়িয়া ট্রাফিক বিভাগের সহকারী কমিশনার (এসি) হাসান বলেন, অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।