‘জুলাই গণঅভ্যুত্থান শতভাগ সফল, একে ব্যর্থ বলা ইতিহাসের ভুল পাঠ’— এম আবদুল্লাহ

মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬

 

নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সাবেক সভাপতি এম আবদুল্লাহ বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানকে ‘ব্যর্থ’ হিসেবে আখ্যায়িত করার প্রবণতা ইতিহাসের ভুল ব্যাখ্যা এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।

সোমবার (১৪ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক দীর্ঘ স্ট্যাটাসে তিনি বলেন, সাম্প্রতিক সময়ে বিভিন্ন গণমাধ্যমে ‘জুলাই গণঅভ্যুত্থান ব্যর্থ’— এমন বক্তব্য বা ইঙ্গিতপূর্ণ শিরোনাম প্রকাশের একটি সংঘবদ্ধ প্রয়াস লক্ষ্য করা যাচ্ছে। তাঁর ভাষায়, একটি ঐতিহাসিক গণঅভ্যুত্থানকে এভাবে মূল্যায়ন করা ইতিহাসের বাস্তবতার সঙ্গে সাংঘর্ষিক।

এম আবদুল্লাহ লেখেন, জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে দীর্ঘ ১৫ বছরের শাসনের অবসান ঘটেছে, যা এই আন্দোলনের সবচেয়ে বড় এবং অমোচনীয় সাফল্য। পরবর্তী সময়ে রাজনৈতিক বা প্রশাসনিক নানা চ্যালেঞ্জ সৃষ্টি হলেও তা গণঅভ্যুত্থানের সাফল্যকে খাটো করতে পারে না।

তিনি ইতিহাসের বিভিন্ন উদাহরণ তুলে ধরে বলেন, রুশ বিপ্লব কিংবা বাংলাদেশের মুক্তিযুদ্ধ-পরবর্তী নানা সংকট ও সমালোচনা সত্ত্বেও কেউ এসব ঐতিহাসিক ঘটনাকে ‘ব্যর্থ’ বলে না। একইভাবে নব্বইয়ের গণঅভ্যুত্থান-পরবর্তী রাজনৈতিক বাস্তবতাও আন্দোলনের সাফল্যকে প্রশ্নবিদ্ধ করেনি।

সাবেক বিএফইউজে সভাপতি অভিযোগ করেন, অন্তর্বর্তী সরকারের সংস্কার কার্যক্রম চলাকালে একটি গোষ্ঠী শুরু থেকেই ধারাবাহিক বিরোধিতা করেছে। তাঁদের অব্যাহত সমালোচনা ও অসহযোগিতার কারণে সংস্কার প্রক্রিয়া বাধাগ্রস্ত হয়েছে বলে মন্তব্য করেন তিনি।

স্ট্যাটাসে এম আবদুল্লাহ বলেন, গণঅভ্যুত্থান-পরবর্তী জটিলতা, রাজনৈতিক মতপার্থক্য বা সংস্কার বাস্তবায়নের সীমাবদ্ধতা গণঅভ্যুত্থানের ব্যর্থতার প্রমাণ নয়; বরং এগুলো পরবর্তী রাজনৈতিক বাস্তবতার অংশ।

তিনি আরও বলেন, “পরিষ্কার করে বলা দরকার, অব্যাহত অসহযোগিতা, অন্তর্ঘাতসহ যত কারণই থাকুক না কেন, সবই গণঅভ্যুত্থান-পরবর্তী বাস্তবতা। গণঅভ্যুত্থান শতভাগ সফল।”
স্ট্যাটাসের শেষদিকে এম আবদুল্লাহ দাবি করেন, যারা জুলাই গণঅভ্যুত্থানকে ‘ব্যর্থ’ বলছেন, তাদের একটি অংশ রাজনৈতিক কারণে এমন অবস্থান নিয়েছেন, আরেকটি অংশ গণঅভ্যুত্থান-পরবর্তী বাস্তবতায় নিজেদের প্রত্যাশিত ভূমিকা না পাওয়ার হতাশা থেকে এমন বক্তব্য দিচ্ছেন।

ফেসবুকে দেওয়া এই স্ট্যাটাসটি সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন মহলে আলোচনা সৃষ্টি করেছে।