সাইফুল ইসলাম :
রাজধানীর একটি ট্রাভেল এজেন্সির বিরুদ্ধে প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী ব্যবসায়ী অভিযোগ করে জানিয়েছেন, এয়ার টিকিট বিক্রির নামে একটি চুক্তির মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেওয়া হয়েছে।
মঙ্গলবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে এই অভিযোগ করেন ভুক্তভোগীরা।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৫ আগস্ট ২০২৫ তারিখে টিকিট কিংডম নামের একটি ট্রাভেল এজেন্সির প্রোপাইটর আইরিন আক্তারের সঙ্গে একটি (B2B) চুক্তি স্বাক্ষর করা হয়। চুক্তি অনুযায়ী, আইএটিএ অনুমোদনের মাধ্যমে বিভিন্ন এয়ারলাইন্সের টিকিট ইস্যু করে তা দেশের বিভিন্ন ট্রাভেল এজেন্সি ও সাধারণ গ্রাহকদের কাছে বিক্রি করা হতো।
তবে অভিযোগকারী জানান, নির্দিষ্ট সময়ের মধ্যে বিক্রিত টিকিটের অর্থ পরিশোধ না করে হঠাৎ করে আইরিন আক্তার তার কার্যক্রম বন্ধ করে দেন। এতে বড় ধরনের আর্থিক ক্ষতির সম্মুখীন হন তিনি।
অভিযোগে আরও বলা হয়, আইরিন আক্তারের দেওয়া একাধিক চেক ব্যাংকে জমা দিলে তা প্রত্যাখ্যাত হয়। ব্যাংক কর্তৃপক্ষ জানায়, চেকের স্বাক্ষরের সঙ্গে মিল নেই এবং সংশ্লিষ্ট অ্যাকাউন্টেও পর্যাপ্ত অর্থ ছিল না।
পরবর্তীতে আইরিন আক্তারকে খুঁজে না পেয়ে তার স্বামী হাবিবুল ইসলাম বাবুর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি সমাধানের আশ্বাস দেন। তবে দীর্ঘ সময় অপেক্ষার পরও কোনো অর্থ ফেরত না পাওয়ায় প্রতারণার বিষয়টি স্পষ্ট হয় বলে দাবি করেন ভুক্তভোগী।
এ ঘটনায় আইনি সহায়তা পেতে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে আইরিন আক্তার গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন বলে জানা গেছে। একই সঙ্গে আইরিন আক্তার, উমায়ের করিম এবং হাবিবুল ইসলাম বাবুর বিরুদ্ধে একাধিক মামলা চলমান রয়েছে।
ভুক্তভোগীর দাবি, এই প্রতারণার সঙ্গে সংশ্লিষ্ট সকলের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হোক এবং তার ক্ষতিগ্রস্ত অর্থ দ্রুত ফেরত দেওয়া হোক।