বিকুল চক্রবর্তী, মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আয়োজিত ৭ দিনব্যাপী বৈশাখী উৎসবে যোগ দিয়ে জাসাস কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক ও চিত্রনায়ক হেলাল খান বলেছেন, দেশের হারানো সংস্কৃতি ও ঐতিহ্য পুনরুদ্ধারে কাজ করার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমান নির্দেশনা দিয়েছেন। সেই নির্দেশনা অনুযায়ী জাসাস দেশের সাংস্কৃতিক ঐতিহ্য ফিরিয়ে আনতে কাজ করে যাচ্ছে।
তিনি বলেন, অনেক দিন পর জাসাস স্বাধীনভাবে সারাদেশে বর্ষবরণ অনুষ্ঠান উদযাপন করছে। বর্তমানে দেশে জনগণের ভোটে নির্বাচিত সরকার ক্ষমতায় রয়েছে, যা প্রকৃত অর্থেই জনগণের সরকার। শ্রীমঙ্গলের এই প্রাণবন্ত আয়োজন প্রমাণ করে ধর্ম-বর্ণ ও দল-মত নির্বিশেষে হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিষ্টানসহ সব সম্প্রদায়ের মানুষ ঐক্যবদ্ধভাবে বৈশাখী উৎসবে অংশগ্রহণ করছে।
হেলাল খান আরও বলেন, আমরা কোনো ভেদাভেদ চাই না। আমরা চাই সবাই মিলে একসাথে আমাদের পূজা, ঈদ ও অন্যান্য সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপন করতে। একে অপরের সঙ্গে আনন্দ ভাগাভাগি করে নেয়ার মধ্যেই রয়েছে আমাদের সংস্কৃতির সৌন্দর্য। বর্তমান সরকারও এ ধরনের সাম্প্রদায়িক সম্প্রীতি ও সাংস্কৃতিক ঐক্যকে উৎসাহিত করছে।
তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় দেশের মানুষকে সুখী ও সমৃদ্ধ করার লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। বিশেষ করে আমাদের হারিয়ে যেতে বসা ঐতিহ্যবাহী সংস্কৃতি—যেমন সিনেমা, যাত্রা, নাটক ও গান—পুনরুজ্জীবিত করার জন্য জাসাস কাজ করে যাচ্ছে। পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে মানুষকে উদ্বুদ্ধ করার কার্যক্রমও পরিচালনা করছে সংগঠনটি।
শুক্রবার রাতে শ্রীমঙ্গল শিশু উদ্যানে জাসাসের আয়োজনে এবং শ্রীমঙ্গলের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের অংশগ্রহণে বৈশাখী উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবের আহ্বায়ক মশিউর রহমান রিপনের সভাপতিত্বে অনুষ্ঠানে জাসাস কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ, জেলা কমিটির সদস্য এবং শ্রীমঙ্গল উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে উৎসব উদযাপন পরিষদের সদস্য সচিব শ্যামল আচার্যের সঞ্চালনায় সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন ঢাকা থেকে আগত শিল্পী ও জাসাস কেন্দ্রীয় কমিটির সদস্য মৌসুমী রহমান, উপমা তালুকদার, স্থানীয় শিল্পী মৌ ও তারেক ইকবাল চৌধুরীসহ অন্যান্য শিল্পীরা। এ সময় জাসাস শ্রীমঙ্গল কর্তৃক প্রকাশিত “অনুভবে বৈশাখ” সংকলনের মোড়ক উন্মোচন করেন চিত্রনায়ক হেলাল খান।
এর আগে উৎসব উদযাপন কমিটির আয়োজনে আলোচনা সভা, প্রতিবন্ধী শিল্পীদের আর্থিক সহায়তা প্রদান এবং গরিব ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে আর্থিক সহায়তা বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য মো. মুজিবুর রহমান চৌধুরী।
এ সময় আরও উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা বিএনপির আহ্বায়ক নুরে আলম সিদ্দিকী, পৌর বিএনপির আহ্বায়ক শামীম আহমদ, উপজেলা বিএনপির প্রাক্তন সাধারণ সম্পাদক মো. ইয়াকুব আলী, বিএনপি নেতা মকসুদ আলী, মহিউদ্দিন ঝারু, মোছাব্বির আলী মুন্না, জাসাস শ্রীমঙ্গলের আহ্বায়ক মাহবুবুর রহমান লিংকন, যুগ্ম আহ্বায়ক সাদিকুর রহমান বাপ্পি এবং সদস্য সচিব সাইদুল হক দুলাল।
৭ দিনব্যাপী এ বৈশাখী উৎসবে শ্রীমঙ্গলের প্রায় অর্ধশত সাংস্কৃতিক সংগঠন অংশগ্রহণ করছেন যা শেষ হবে আগামী ২০ এপ্রিল। শেষ দিনে আসবে লালন কন্যা ডলি মন্ডল।