জাতির সংবাদ ডটকম :
দেশের সকল দোকান, বিপণিবিতান ও শপিং মল প্রতিদিন রাত ১০টা পর্যন্ত খোলা রাখার অনুমতি চেয়ে সরকারের কাছে আবেদন জানিয়েছে বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি।
রবিবার সংগঠনের সভাপতি মো. নাজমুল হাসান মাহমুদ এবং সাধারণ সম্পাদক মো. আরিফুর রহমান টিপু স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, দেশের খুচরা ব্যবসা অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ খাত। এ খাতের সঙ্গে প্রায় ৭০ লাখ দোকান ব্যবসায়ী, কর্মচারী ও তাদের পরিবারের জীবিকা প্রত্যক্ষভাবে জড়িত। শহর থেকে গ্রাম পর্যন্ত অসংখ্য দোকান, মার্কেট ও শপিং মলকে কেন্দ্র করে ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে।
সমিতির দাবি, বর্তমানে দোকান ভাড়া, বিদ্যুৎ বিল, ব্যাংক ঋণের কিস্তি, কর্মচারীদের বেতন-ভাতাসহ বিভিন্ন ব্যয় বৃদ্ধি পাওয়ায় ব্যবসায়ীরা চরম আর্থিক সংকটে রয়েছেন। অন্যদিকে অধিকাংশ ক্রেতা দিনের কর্মব্যস্ততা শেষে বিকেল ও সন্ধ্যার পর কেনাকাটার জন্য বাজারে আসেন। নির্ধারিত সময়ের আগে দোকান বন্ধ হয়ে যাওয়ায় ব্যবসায়ীরা প্রত্যাশিত বিক্রয় থেকে বঞ্চিত হচ্ছেন।
সংগঠনটির মতে, প্রতিদিন দুপুর ১২টা অথবা সরকারের নির্ধারিত সময় থেকে রাত ১০টা পর্যন্ত দোকান ও শপিং মল খোলা রাখার অনুমতি দেওয়া হলে প্রায় ৭০ লাখ ব্যবসায়ী ও কর্মচারীর জীবিকা সুরক্ষিত হবে। পাশাপাশি ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটবে, সরকারের রাজস্ব আয় বৃদ্ধি পাবে এবং সাধারণ জনগণ সুবিধাজনক সময়ে কেনাকাটার সুযোগ পাবেন।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে বিপুল সংখ্যক ক্ষুদ্র, মাঝারি ও বৃহৎ ব্যবসায়ী আর্থিক সংকটে রয়েছেন। এ অবস্থা অব্যাহত থাকলে অনেক ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হওয়ার ঝুঁকিতে পড়তে পারে, যা জাতীয় অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলবে।
এ প্রেক্ষাপটে বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি বিষয়টি মানবিক ও ইতিবাচক দৃষ্টিভঙ্গিতে বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে।