সাইফুল ইসলাম।।
দেশের শিশু-কিশোরদের ক্রীড়া ও মানসিক বিকাশে নতুন দিগন্ত উন্মোচন করতে “নতুন কুঁড়ি স্পোর্টস” উদ্যোগের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে। আয়োজকদের দাবি, একটি সুসংগঠিত কাঠামোর মাধ্যমে পরিচালিত এই কার্যক্রম ইতোমধ্যে সারাদেশে ব্যাপক সাড়া ফেলেছে এবং অংশগ্রহণকারীদের মধ্যে তৈরি করেছে নতুন উদ্দীপনা।
আগামী ২ মে শনিবার সিলেট জেলা স্টেডিয়াম হতে “নতুন কুঁড়ি স্পোর্টস” এর শুভ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।
আয়োজক সূত্রে জানা গেছে, ইউনিয়ন ও সিটি কর্পোরেশন পর্যায় থেকে শুরু হয়ে উপজেলা, জেলা এবং আঞ্চলিক ধাপ অতিক্রম করে প্রতিযোগিতাটি জাতীয় পর্যায়ে পৌঁছাবে।
সারাদেশকে ১০টি শক্তিশালী অঞ্চলে ভাগ করা হয়েছে, যার মধ্যে রয়েছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর, কুমিল্লা, ফরিদপুর ও ময়মনসিংহ। প্রতিটি পর্যায়ে দক্ষ প্রশাসনিক ও ব্যবস্থাপনা কমিটি দায়িত্ব পালন করছে, যাতে কোনো মেধা অবমূল্যায়িত না হয়।
রেজিস্ট্রেশনের স্বল্প সময়ের মধ্যেই ব্যাপক সাড়া পাওয়া গেছে। গত ১২ থেকে ২৭ এপ্রিল পর্যন্ত অনলাইনে মোট প্রায় ১ লাখ ৬০ হাজার ৭৯৭ জন কিশোর-কিশোরী নিবন্ধন করেছে। এর মধ্যে প্রায় ১ লাখ ১৬ হাজার ৬৮৪ জন কিশোর এবং ৪৪ হাজার ১১৩ জন কিশোরী অংশগ্রহণের জন্য আবেদন করেছে, যা নারীদের সক্রিয় অংশগ্রহণের ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে দেখা হচ্ছে।
পরিসংখ্যানে দেখা গেছে, আবেদনকারীর সংখ্যায় সিলেট জেলা শীর্ষে রয়েছে। এরপর রয়েছে চট্টগ্রাম ও ঢাকা। উপজেলা পর্যায়ের দল গঠন প্রক্রিয়া চলমান রয়েছে এবং খুব শিগগিরই চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। আগামী ১৩ মে থেকে ২২ মে পর্যন্ত আঞ্চলিক ও বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
আয়োজকরা জানান, এই উদ্যোগ কেবল জয়-পরাজয়ের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং এটি একটি মানবিক, শৃঙ্খলাবোধসম্পন্ন ও দক্ষ প্রজন্ম গঠনের প্রচেষ্টা। খেলাধুলার মাধ্যমে শিশু-কিশোরদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি তাদের সামাজিক মূল্যবোধ গড়ে তোলাই এই কর্মসূচির মূল লক্ষ্য।
এদিকে সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়ে আয়োজক কমিটি জানিয়েছে, গণমাধ্যমের সহযোগিতা পেলে এই উদ্যোগ আরও বিস্তৃত হবে এবং একদিন আন্তর্জাতিক অঙ্গনেও দেশের প্রতিনিধিত্ব করবে নতুন প্রজন্ম।