বিনোদন প্রতিবেদক:
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬–২০২৮ মেয়াদের নির্বাচনকে ঘিরে এফডিসিতে জমে উঠেছে নির্বাচনী আমেজ। বিভিন্ন প্যানেলের প্রার্থীরা ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে নিজেদের পরিকল্পনা তুলে ধরছেন এবং সমর্থন কামনা করছেন।
নির্বাচন সামনে রেখে প্রচারণায় বেশ সক্রিয় দেখা যাচ্ছে আরমান–মুক্তি পরিষদের কার্যনির্বাহী সদস্য পদপ্রার্থী চলচ্চিত্র অভিনেত্রী নাসরিনকেও।
প্রচারণার অংশ হিসেবে নাসরিন ভোটারদের সঙ্গে নিয়মিত শুভেচ্ছা বিনিময়, মতবিনিময় এবং ব্যক্তিগত যোগাযোগ বজায় রাখছেন। তাঁর নির্বাচনী পোস্টার ও প্রচারসামগ্রীও শিল্পী মহলে ব্যাপকভাবে আলোচনায় এসেছে।
সমর্থকদের দাবি, দীর্ঘদিনের অভিনয়জীবনের অভিজ্ঞতা, আন্তরিকতা এবং শিল্পীদের সঙ্গে সুসম্পর্কের কারণে নাসরিন কার্যনির্বাহী সদস্য পদে অন্যতম আলোচিত প্রার্থী হয়ে উঠেছেন।
নাসরিন বলেন, “শিল্পীদের ভালোবাসা ও সমর্থনই আমার সবচেয়ে বড় শক্তি। নির্বাচিত হলে শিল্পীদের কল্যাণে আন্তরিকতার সঙ্গে কাজ করব এবং তাঁদের স্বার্থ রক্ষায় সর্বোচ্চ চেষ্টা করব।”
উল্লেখ্য, আগামী ৩ জুলাই বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬–২০২৮ মেয়াদের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নির্বাচনকে কেন্দ্র করে এফডিসিতে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে এবং প্রার্থীরা শেষ মুহূর্তের প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন।