নোবিপ্রবিতে নবীন শিক্ষার্থীদের বিভাগওয়ারী ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

রবিবার, জুলাই ১৯, ২০২৬

 

আবদুল বাসেদ নোয়াখালী:

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির শিক্ষার্থীদের বিভাগওয়ারী পরিচিতি সভা (ওরিয়েন্টেশন) অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার (১৯ জুলাই ২০২৬) বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউটে ওরিয়েন্টেশন অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ও উপাচার্যের (রুটিন দায়িত্ব) অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম।

এ সময় অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ইনস্টিটিউট ও বিভাগে আয়োজিত নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান পরিদর্শন করেন এবং শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি নবাগত শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, বিশ্ববিদ্যালয়ে ভর্তির মাধ্যমে তোমাদের জীবনের একটি নতুন অধ্যায়ের সূচনা হলো, তাই এই সময়কে যথাযথভাবে কাজে লাগিয়ে জ্ঞান অর্জন, দক্ষতা উন্নয়ন এবং সৃজনশীল চিন্তার বিকাশে নিজেদের নিয়োজিত রাখতে হবে। পাঠ্যক্রমের পাশাপাশি গবেষণা, উদ্ভাবন, সহশিক্ষা কার্যক্রম এবং স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার মাধ্যমে একজন শিক্ষার্থীর পূর্ণাঙ্গ বিকাশ সম্ভব উল্লেখ করে তিনি বলেন, শৃঙ্খলা, পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং বিশ্ববিদ্যালয়ের নিয়ম-কানুন যথাযথভাবে অনুসরণ করতে হবে। তিনি আরও উল্লেখ করেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ শিক্ষার্থীদের সহযোগিতা ও কল্যাণে সর্বদা আন্তরিক থাকবেন এবং সর্বোপরি নবীন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় জীবনের প্রতিটি পদক্ষেপ আনন্দময়, সফল ও স্বার্থক হবে এই আশাবাদ ব্যক্ত করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ও উপাচার্য (রুটিন দায়িত্ব) অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম।

ইনস্টিটিউট ও বিভাগসমূহে আয়োজিত ওরিয়েন্টেশন অনুষ্ঠানে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন বিভিন্ন অনুষদের ডিন, ইনস্টিটিউটের পরিচালক, বিভাগের চেয়ারম্যান, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও নবীন শিক্ষার্থীবৃন্দ। এ সময় বিভাগের পক্ষ থেকে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করা হয়।