জাতির সংবাদ ডটকম :
নৌপথে বাল্কহেডসহ বিভিন্ন পণ্যবাহী নৌযানে চাঁদাবাজি বন্ধ, বিভিন্ন সংস্থার আরোপিত অন্যায্য চার্জ প্রত্যাহার এবং নিরাপদ নৌপথ নিশ্চিত করার দাবিতে মানববন্ধন করেছেন বাংলাদেশ বাল্কহেড মালিক পরিবহন সংস্থার নেতারা।
মঙ্গলবার বিকেলে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন বাংলাদেশ বাল্কহেড মালিক পরিবহন সংস্থার সভাপতি মো. বোরহান বুলু। এতে বক্তব্য দেন বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের সভাপতি শাহ আলম ভূঁইয়া, বাংলাদেশ বাল্কহেড মালিক পরিবহন সংস্থার সাধারণ সম্পাদক মো. রাজিব, সহ-সভাপতি মো. দেলোয়ার মিয়া এবং উপদেষ্টা মো. সুরুজ মিয়াসহ সংগঠনের অন্যান্য নেতারা।
বক্তারা বলেন, দেশের অবকাঠামোগত উন্নয়ন ও নদীপথে পণ্য পরিবহনে বাল্কহেড শিল্প গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। কিন্তু সাম্প্রতিক সময়ে বিভিন্ন অযৌক্তিক নিয়ম, একতরফাভাবে চার্জ বৃদ্ধি, চাঁদাবাজি এবং প্রশাসনিক হয়রানির কারণে এ শিল্প চরম সংকটে পড়েছে।
তাদের অভিযোগ, মুন্সীগঞ্জ, গজারিয়া, মনপুরা, গাবতলী, আশুগঞ্জসহ বিভিন্ন নৌপথে স্থানীয় সন্ত্রাসী চক্র ও নৌ পুলিশের নামে চাঁদাবাজির ঘটনা ঘটছে। এর ফলে সিলেট থেকে ঢাকায় একটি বালুবাহী বাল্কহেড আনতে প্রায় ৪০ হাজার টাকা পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে বলে দাবি করেন তারা।
এছাড়া, বিআইডব্লিউটিএর ইজারার নামে কিছু এলাকায় স্থানীয় প্রভাবশালীদের মাধ্যমে অবৈধ টোল আদায়ের সুযোগ সৃষ্টি করা হয়েছে বলেও অভিযোগ করেন বক্তারা। তাদের দাবি, ২০ থেকে ৩০ লাখ টাকায় ইজারা নিয়ে ইজারাদাররা কোটি কোটি টাকা টোল আদায় করছে, যা কার্যত চাঁদাবাজিকে বৈধতা দেওয়ার শামিল।
বাল্কহেড মালিক-শ্রমিকদের অস্তিত্ব রক্ষা এবং নিরাপদ নৌপথ নিশ্চিত করতে সংগঠনের ঘোষিত ৮ দফা দাবি দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান নেতারা। অন্যথায় আরও কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।
সংগঠনের ৮ দফা দাবি
১. অন্যায্যভাবে আরোপিত অতিরিক্ত বার্দিং চার্জ ও দৈনিক অবস্থান-রক্ষণাবেক্ষণ ফি প্রত্যাহার।
২. চর ইজারাদারদের ইচ্ছামতো বালুর মূল্য বৃদ্ধি বন্ধ।
৩. ঘাটে ঘাটে অবৈধ টোল আদায় ও চাঁদাবাজি বন্ধে নৌপথে যৌথ টহল নিশ্চিত করা।
৪. ডুবোচর অপসারণে ড্রেজিং এবং নিরাপদ নোঙরের স্থায়ী ব্যবস্থা গ্রহণ।
৫. সামান্য ত্রুটিতে মামলা ও নথিপত্র যাচাইয়ের নামে হয়রানি বন্ধ এবং ‘এক জেলায় একবার যাচাই’ নীতি চালু।
৬. সব নৌ-সংক্রান্ত মামলার বিচার বিশেষায়িত নৌ-আদালতে সম্পন্ন করা।
৭. প্রকৃত পরিমাপ অনুযায়ী ৫০–৫৫ মিটার দৈর্ঘ্যের বাল্কহেডের নকশা অনুমোদন।
৮. ঝুঁকিমুক্ত রুটে রাতের চলাচলের নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিরাপদ ও সুষ্ঠু ব্যবসায়িক পরিবেশ নিশ্চিত করা।