প্রতিটি শ্রেণিকক্ষে সিসিটিভি বসানোর উদ্যোগ: শিক্ষামন্ত্রী

সোমবার, জুলাই ৬, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: দেশের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে কঠোর মনিটরিংয়ের আওতায় আনতে প্রতিটি শ্রেণিকক্ষে সিসিটিভি ক্যামেরা স্থাপনের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, এর পাশাপাশি একটি কেন্দ্রীয় মনিটরিং সেল গঠন করা হবে, যেখান থেকে যেকোনো সময় শ্রেণিকক্ষের পাঠদান কার্যক্রম পর্যবেক্ষণ করা সম্ভব হবে।

আজ সোমবার রাজধানীর জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমিতে (নায়েম) ‘২১০তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, ‘শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে যেন সঠিকভাবে মনিটরিং করা যায়, সেজন্য একটি কেন্দ্রীয় মনিটরিং সেল স্থাপন করা হবে। এর মাধ্যমে যেকোনো সময় যেকোনো ক্লাসরুম সরাসরি পর্যবেক্ষণ করা সম্ভব হবে।’

শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশের ওপর গুরুত্বারোপ করে মন্ত্রী বলেন, দেশের অনেক শিক্ষা প্রতিষ্ঠানের টয়লেট অস্বাস্থ্যকর ও অপরিচ্ছন্ন। এর ফলে সেগুলো ব্যবহারে শিক্ষক-শিক্ষার্থীরা আগ্রহ হারায়। দেশের শতভাগ শিক্ষা প্রতিষ্ঠানের টয়লেট পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত রাখতে হবে। এ ক্ষেত্রে কোনো ধরনের অবহেলা সহ্য করা হবে না।

শিক্ষকদের পেশাগত মর্যাদা বৃদ্ধির বিষয়ে ড. এহছানুল হক মিলন বলেন, শিক্ষার প্রকৃত মানোন্নয়ন করতে হলে শিক্ষকদের সামাজিক ও প্রাতিষ্ঠানিক মর্যাদা বৃদ্ধি করতে হবে। দেশের শিক্ষা কাঠামোকে এমনভাবে সংস্কার ও পরিবর্তন করতে হবে, যেন মেধাবীরা স্বতঃস্ফূর্তভাবে শিক্ষকতা পেশায় আসতে আগ্রহী হন।

নায়েমের মহাপরিচালক প্রফেসর ড. ওয়াসীম মো. মেজবাহুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব মো. শাহজাহান মিয়া এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ড. খান মঈনুদ্দিন আল মাহমুদ সোহেল।

অনুষ্ঠানে নায়েমের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সে অংশ নেওয়া প্রশিক্ষণার্থী কর্মকর্তারা উপস্থিত ছিলেন।