বিকুল চক্রবর্তী, মৌলভীবাজার প্রতিনিধি।।
মৌলভীবাজারের বড়লেখা উপজেলার ডিমাই সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ৫২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আতাউর রহমানের নেতৃত্বে সীমান্তের দুর্গম পাহাড়ি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

বিজিবি জানায়, একটি সংঘবদ্ধ চোরাচালানকারী চক্র পার্শ্ববর্তী দেশ থেকে অবৈধ অস্ত্র ও বিস্ফোরক দেশে প্রবেশ করানোর পরিকল্পনা করছিল। এমন তথ্যের ভিত্তিতে সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি জোরদার করা হয় এবং সম্ভাব্য রুটগুলোতে বিশেষ টহল ও অভিযান পরিচালনা করা হয়।
অভিযানের একপর্যায়ে বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাচালানকারীরা অস্ত্র ও বিস্ফোরক ফেলে দুর্গম পাহাড়ি এলাকা দিয়ে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল তল্লাশি করে তিনটি বিদেশি পিস্তল, ২৩টি পাওয়ারজেল-৯ উচ্চ বিস্ফোরক টিউব, ২৪টি ডিটোনেটর, ১৫ মিটার ডিটোনেটর কর্ড এবং দুটি কুকি চা-পাতি উদ্ধার করা হয়।
৫২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আতাউর রহমান বলেন, “বিজিবির টহল দলের উপস্থিতি টের পেয়ে দুর্বৃত্তরা অস্ত্র ও বিস্ফোরক ফেলে পালিয়ে যায়। সীমান্ত সুরক্ষা, অস্ত্র ও মাদক চোরাচালান প্রতিরোধে বিজিবির নিয়মিত টহল ও গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে।
তিনি আরও জানান, উদ্ধারকৃত অস্ত্র ও বিস্ফোরকের উৎস, গন্তব্য এবং এর সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে প্রয়োজনীয় আইনগত ও গোয়েন্দা কার্যক্রম চলমান রয়েছে।