বন্যার খবর পেয়েই ঢাকায় থেকে কমলগঞ্জে ছুটে আসেন এমপি মুজিবুর রহমান: দুর্গত মানুষের পাশে দাঁড়িয়ে ত্রাণ বিতরণ, ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন

শুক্রবার, জুলাই ১০, ২০২৬

বিকুল চক্রবর্তী, মৌলভীবাজার থেকে

মৌলভীবাজারের কমলগঞ্জে বন্যার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ঢাকায় অবস্থানরত শ্রীমঙ্গল-কমলগঞ্জ আসনের সংসদ সদস্য আলহাজ মুজিবুর রহমান চৌধুরী দ্রুত কমলগঞ্জে ছুটে আসেন। শুক্রবার (১০ জুলাই) সকালে তিনি বন্যাকবলিত ইসলামপুর ইউনিয়নের বিভিন্ন এলাকা সরেজমিনে পরিদর্শন করেন, দুর্গত মানুষের খোঁজখবর নেন এবং তাদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেন।

এর আগে বৃহস্পতিবার গভীর রাতে বন্যা পরিস্থিতির খবর পাওয়ার পরই তিনি স্থানীয় বিএনপির নেতাকর্মীদের মাধ্যমে ক্ষতিগ্রস্ত এলাকায় জরুরি ত্রাণসামগ্রী পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেন। পরদিন ভোরেই ঢাকা থেকে রওনা হয়ে কমলগঞ্জে এসে বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়ান।

এ সময় এমপি মুজিবুর রহমান চৌধুরী বলেন, “আমার নির্বাচনী এলাকার মানুষ বিপদে পড়েছেন—এ খবর পাওয়ার পর আর ঢাকায় বসে থাকা সম্ভব হয়নি। তাই ভোরেই কমলগঞ্জে চলে এসেছি। মানুষের দুর্ভোগ নিজের চোখে দেখছি। ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে আমরা আছি এবং থাকব।”

তিনি বলেন, ইসলামপুর ইউনিয়নের দুটি স্থানে বাঁধে ভাঙন দেখা দেওয়ায় বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য খাদ্য ও অন্যান্য সহায়তা অব্যাহত থাকবে। পাশাপাশি বাঁধ দ্রুত সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

পরিদর্শনকালে তিনি বন্যাদুর্গত মানুষের সমস্যা ও চাহিদার কথা শোনেন এবং প্রশাসনকে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম আরও জোরদারের নির্দেশনা দেন।

এ সময় কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাসহ উপজেলা বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।