বাঁশখালী প্রতিনিধি:
চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ আমজনগণ পার্টি। দলের উদ্যোগে উপজেলার ছনুয়া, শেখেরখীল, বাহারছড়া-সহ কয়েকটি এলাকায় পানিবন্দি ও ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী এবং প্রয়োজনীয় ত্রাণ বিতরণ করা হয়েছে।
ত্রাণ বিতরণ কার্যক্রমে বাংলাদেশ আমজনগণ পার্টির সদস্য সচিব ফাতেমা তাসনিমের নেতৃত্বে তিন শতাধিক পরিবারের মাঝে খাদ্যসামগ্রী ও প্রয়োজনীয় সহায়তা পৌঁছে দেওয়া হয়।
এ সময় ফাতেমা তাসনিম বলেন, “বাংলাদেশ আমজনগণ পার্টি সবসময় খেটে খাওয়া ও দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে। বন্যাদুর্গত মানুষের জন্য বরাদ্দ সরকারি ত্রাণ যেন কোনো ধরনের অনিয়ম, অপব্যবহার বা স্বজনপ্রীতির শিকার না হয়, সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবার যেন তাদের ন্যায্য সহায়তা যথাসময়ে পায়, সেটিই আমাদের প্রত্যাশা।
তিনি আরও বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ লাঘবে বাংলাদেশ আমজনগণ পার্টির মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। একই সঙ্গে বাঁশখালীর উপকূলীয় জনপদকে বারবারের বন্যা ও জলাবদ্ধতার ঝুঁকি থেকে রক্ষা করতে সরকারকে অগ্রাধিকার ভিত্তিতে টেকসই ও কার্যকর বেড়িবাঁধ নির্মাণের উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।
ত্রাণ বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাংলাদেশ আমজনগণ পার্টির চট্টগ্রাম বিভাগীয় সংগঠক মোশাররফ হোসাইন, কেন্দ্রীয় সদস্য মো. নজরুল আবাহার, চট্টগ্রাম বিভাগীয় আহ্বায়ক নুরুন্নাহার বেগম, বিভাগীয় সদস্য সচিব আবু জাফর মিলন, বাঁশখালী উপজেলা আহ্বায়ক ডা. তভিরুল তালুকদার, সদস্য সচিব আবুল কাশেমসহ স্থানীয় নেতৃবৃন্দ।