জাতির সংবাদ ডটকম :
যাত্রী অধিকার, নিরাপদ ও মানসম্মত পরিবহন সেবা নিশ্চিত করার লক্ষ্যে সমাজসেবামূলক অরাজনৈতিক সংগঠন বাংলাদেশ যাত্রী সেবা কল্যাণ সমিতি এর উদ্যোগে এক পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (০৯ মে ২০২৬) সেগুনবাগিচাস্থ ঢাকা রিপোর্টার্স ইউনিটি এর শফিকুল কবির মিলনায়তনে আয়োজিত সাংবাদিক সম্মেলনে সভাপতিত্ব করেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি আবদুল আজিজ চৌধুরী। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম প্রধান।
সাংবাদিক সম্মেলনে আবদুল আজিজ চৌধুরী কে সভাপতি এবং মোঃ জাহাঙ্গীর আলম প্রধান কে সাধারণ সম্পাদক করে ৩৯ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।
বক্তারা বলেন, দেশের উন্নয়ন ও অর্থনৈতিক অগ্রগতিতে যাতায়াত ব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। বাস, ট্রাক, ট্রেন ও লঞ্চের মাধ্যমে যাত্রী ও পণ্য পরিবহন দেশের যোগাযোগ ব্যবস্থাকে সচল রেখেছে। তবে সময়ের সাথে যানবাহনের উন্নয়ন ঘটলেও যাত্রীসেবার মান এখনো কাঙ্ক্ষিত পর্যায়ে পৌঁছায়নি।
তারা আরও বলেন, পরিবহন খাত বর্তমানে বাংলাদেশের একটি চলমান শিল্পে পরিণত হয়েছে। এ খাতে মালিক, চালক, শ্রমিক ও যাত্রীদের মধ্যে সুসম্পর্ক বজায় রাখা জরুরি। পাশাপাশি পরিবহন সংশ্লিষ্ট বিভিন্ন সভা ও সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় যাত্রী প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করার দাবি জানান তারা।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সংগঠনের প্রধান উপদেষ্টা শাহ আশরাফ উদ্দিন আহমেদ শামীম।