বিশ্বকাপে নিষিদ্ধ ভুভুজেলা

শুক্রবার, জুন ৫, ২০২৬

স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপে আলোচিত ভুভুজেলা এবার আর দেখা যাবে না। আসন্ন বিশ্বকাপ উপলক্ষে স্টেডিয়াম আচরণবিধিতে কঠোর নির্দেশনা জারি করেছে ফিফা। নতুন নিয়ম অনুযায়ী ভুভুজেলাসহ অতিরিক্ত শব্দ সৃষ্টি করে এমন সব ধরনের বাদ্যযন্ত্র স্টেডিয়ামে নিষিদ্ধ করা হয়েছে।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ফিফার স্টেডিয়াম আচরণবিধি অনুযায়ী শুধু ভুভুজেলাই নিষিদ্ধ করা হয়নি, মাত্রাতিরিক্ত শব্দ করা যেকোনো যন্ত্র নিয়ে স্টেডিয়ামে প্রবেশ করা যাবে না।

এছাড়াও লেজার বিম, লেজার পয়েন্টার, শরীরে রং করা বা ট্যাটু আঁকা পোশাক নেওয়া যাবে না। নগ্ন হয়ে দৌড়ানো, নগ্নতা প্রদর্শন করতে পোশাক খোলা যাবে না।

আচরণবিধি অনুযায়ী, এই নিয়মগুলো লঙ্ঘন করলে দর্শকদের স্টেডিয়ামে প্রবেশ করতে দেওয়া হবে না বা বের করে দেওয়া হবে। সম্প্রতি প্রকাশিত স্টেডিয়ামের আচরণবিধিতে এসব নিষেধাজ্ঞা জারি করা হয়।

এর আগে নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে দর্শকদের পুনঃব্যবহারযোগ্য পানির বোতল স্টেডিয়ামে নিয়ে যাওয়ার ওপরও নিষেধাজ্ঞা আরোপ করেছে ফিফা।

৪৮ দলের অংশগ্রহণে ফিফা বিশ্বকাপের ২৩তম আসর ১১ জুন থেকে শুরু হবে। যা ১৯ জুলাই পর্যন্ত চলবে। আসরের উদ্বোধনী ম্যাচে ১১ জুন মাঠে নামবে মেক্সিকো-দক্ষিণ আফ্রিকা।