বেরোবিতে ‘সেশন অন হায়ার স্টাডিজ ইন দ্যা ইউনাইটেড স্টেটস অব আমেরিকা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

বৃহস্পতিবার, জুন ১১, ২০২৬

 

মাসফিকুল হাসান, বেরোবি প্রতিনিধি;

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর-এ শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ ও দিকনির্দেশনা প্রদানের লক্ষ্যে ‘সেশন অন হায়ার স্টাডিজ ইন দ্যা ইউনাইটেড স্টেটস অব আমেরিকা’ শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে| আজ বৃহস্পতিবার (১১ জুন, ২০২৬) বিকেলে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-২-এর কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ভার্চুয়াল ক্লাসরুমে এই সেমিনারের আয়োজন করা হয়| সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী|

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বর্তমান ˆবশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে এবং নিজেদের মেধার সর্বোচ্চ বিকাশে আন্তর্জাতিক মানের উচ্চশিক্ষা অত্যন্ত জরুরি| মার্কিন যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলো বিশ্বসেরা শিক্ষা ও গবেষণার সুযোগ প্রদান করে| বেরোবি উপাচার্য বলেন, আমাদের শিক্ষার্থীদের মাঝে অপার সম্ভাবনা রয়েছে| সঠিক তথ্য ও সময়োপযোগী প্রস্তুতির অভাবে অনেকেই কাঙ্ক্ষিত সুযোগ থেকে বঞ্চিত হয়| এই সেমিনার শিক্ষার্থীদের আমেরিকার বিশ্ববিদ্যালয়গুলোতে স্কলারশিপ, ক্রেডিট ট্রান্সফার এবং ভর্তির প্রক্রিয়া সম্পর্কে স্পষ্ট ধারণা দেবে, যা তাদের ভবিষ্যৎ ক্যারিয়ার গঠনে অগ্রণী ভূমিকা পালন করবে|

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. মোঃ ফেরদৌস রহমান এবং ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক ড. মোঃ ইলিয়াছ প্রামানিক| সেমিনারে আমন্ত্রিত বক্তা হিসেবে শিক্ষার্থীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ তথ্য ও পরামর্শ প্রদান করেন ঢাকাস্থ আমেরিকান দূতাবাসের এডুকেশন ইউএসএ-এর উপদেষ্টা মুক্তা দাস| বেরোবি স্কলারশিপ সাপোর্ট অফিস আয়োজিত সেমিনারে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীবৃন্দ অংশগ্রহণ করেন এবং প্রশ্নোত্তর পর্বে নিজেদের নানা জিজ্ঞাসার উত্তর জেনে নেন।