নিজস্ব প্রতিবেদক: চলতি ঈদুল আজহা উপলক্ষে ঢাকা ও চট্টগ্রাম অঞ্চলের সচল পোশাক কারখানাগুলোর মধ্যে ৯৪ দশমিক ৭০ শতাংশ কারখানায় শ্রমিকদের ঈদ বোনাস পুরোপুরি পরিশোধ করা হয়েছে।
সোমবার (২৫ মে) তৈরি পোশাক মালিকদের শীর্ষ সংগঠন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) এক অফিশিয়াল বার্তার মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা ও চট্টগ্রামে মোট ২ হাজার ১৩৩টি পোশাক কারখানা চালু রয়েছে। যার মধ্যে ঢাকায় ১ হাজার ৭৯৪টি ও চট্টগ্রামে ৩৪০টি।
চালু থাকা কারখানাগুলোর মধ্যে ঈদ বোনাস পরিশোধ করেছে মোট ২ হাজার ২১টি, যা শতকরা হিসেবে ৯৪ দশমিক ৭০ শতাংশ। এরমধ্যে ঢাকার ১ হাজার ৭০৯টি ও চট্টগ্রামের ৩১২টি কারখানা বোনাস পরিশোধ করেছে।
এদিকে ঈদ উপলক্ষ্যে চলতি মে মাসের অগ্রিম বেতন পরিশোধ করেছে মোট ৭৬৭টি কারখানা, যা শতকরা ৩৫ দশমিক ৯৪ শতাংশ।
এছাড়া এপ্রিলের বেতন পরিশোধ করেছে ২ হাজার ১১৭টি কারখানা, যা শতকরা ৯৯ দশমিক ২০ শতাংশ।