মানবতাবিরোধী অপরাধে জয়-পলকের মামলার সাক্ষ্যগ্রহণ পিছিয়ে ১৫ জুন

বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: জুলাই গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ পিছিয়ে দেওয়া হয়েছে। নতুন করে আগামী ১৫ জুন সাক্ষ্যগ্রহণের দিন নির্ধারণ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

বৃহস্পতিবার (৪ জুন) এ দিন ধার্য করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। সাক্ষী না আসায় এ সময়ের আবেদন করে প্রসিকিউশন।

জানা গেছে, সজীব ওয়াজেদ জয় ও জুনাইদ আহমেদ পলকের বিরুদ্ধে আজ সাত নম্বর সাক্ষীর জবানবন্দি হওয়ার দিন নির্ধারিত ছিল। কিন্তু সাক্ষী হাজির হননি। এজন্য প্রসিকিউশন থেকে সময় চাইলে আগামী ১৫ জুন দিন ঠিক করেন আদালত।

এদিন সকালে কারাগার থেকে পলককে ট্রাইব্যুনালে হাজির করে পুলিশ। তবে সাক্ষ্যগ্রহণ না হওয়ায় ফের কারাগারে নেওয়া হয়। পলাতক রয়েছেন সজীব ওয়াজেদ জয়।

চলতি বছরের ২১ জানুয়ারি জয়-পলকের বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল-১। গত বছরের ৪ ডিসেম্বর প্রসিকিউশনের জমা দেওয়া ফরমাল চার্জ আমলে নেন একই আদালত।