বিনোদন ডেস্ক: মুক্তির পর থেকেই রাম চরণ অভিনীত ‘পেডি’ সিনেমাকে ঘিরে নানা আলোচনা চলছে। বক্স অফিসে সাফল্যের পাশাপাশি ছবিটির কিছু দৃশ্যে অভিনেত্রী জাহ্নবী কাপুরকে যেভাবে উপস্থাপন করা হয়েছে, তা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় উঠেছে।
ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, বিতর্ক শুরু হতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে জাহ্নবীর একটি কথোপকথনের স্ক্রিনশট ভাইরাল হয়েছে। সেখানে দেখা যায়, নায়িকা কাউকে উদ্দেশ্য করে লিখেছিলেন, ‘আমি তাকে বলেছিলাম, বুক ও কোমরের কোনো শট নেওয়া যাবে না।’ কিন্তু বাস্তবে ঘটেছে ঠিক তার উল্টোটা।
এই প্রতারণার বিষয়ে ক্ষোভ প্রকাশ করে জাহ্নবী বলেন, ‘সবাই জানে এখানে কেমন নোংরামি হয়। ওনারা প্রথমে বলবেন ‘ক্লোজ-আপ’ শট নেবেন, আর তারপরই বক্ষবিভাজিকায় ক্যামেরা বসিয়ে দেবেন। এখানে কাউকে বিশ্বাস করা যায় না।’
এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্তদের সাথে এক আলোচনায় জাহ্নবী টেনে এনেছেন আরেক জনপ্রিয় দক্ষিণী অভিনেত্রী শ্রীলীলার প্রসঙ্গ। জাহ্নবী জানান, শ্রীলীলার মা সবসময় মেয়ের সাথে শুটিং সেটে উপস্থিত থাকেন। ফলে অনেক ধরনের অপ্রীতিকর বা বিব্রতকর ঘটনা থেকে শ্রীলীলা দূরে থাকতে পারেন।
নিজের অসহায়ত্ব প্রকাশ করে জাহ্নবী আক্ষেপের সুরে বলেন, ‘মা সঙ্গে থাকলে অপ্রীতিকর পরিস্থিতি এড়ানো যায়। হয়তো এই জন্যই শ্রীলীলার মা প্রায়ই মেয়ের সেটে উপস্থিত থাকেন।’