স্পোর্টস ডেস্ক: মিরপুর টেস্টে দ্বিতীয় দিনের শেষে পাকিস্তানের দাপট থাকলেও তৃতীয় দিনে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। প্রথম ইনিংসে টাইগাররা ৪১৩ রানে অলআউট হওয়ার পর জবাব দিতে নেমে ৩৮৬ রানে গুটিয়ে গেছে সফরকারীরা। এতে বাংলাদেশ ২৭ রানের লিড পায়।
দ্বিতীয় দিন শেষে পাকিস্তান ১ উইকেটে ১৭৯ রান করেছিল। রোববার (১০ মে) তৃতীয় দিনে ২১ বছর বয়সী আজান ১৫৩ বলে নিজের আন্তর্জাতিক ক্যারিয়ারের প্রথম ইনিংস সেঞ্চুরি করেন।
তবে আজানকে আর আগাতে দেননি তাসকিন। ১৬৫ বলে ১৪টি চারের সাহায্যে ১০৩ রান করেন তিনি। ১০১ বলে আন্তর্জাতিক ক্যারিয়ারের প্রথম ফিফটি পূর্ণ করেছেন আরেকপ্রান্তে থাকা অপর অভিষিক্ত ব্যাটার আব্দুল্লাহ ফজলও।
পরের ওভারে আক্রমণে এসে নবাগত ব্যাটার সৌদ শাকিলকে লেগ বিফোরের ফাঁদে ফেলেছেন মিরাজ। রিভিউ নিলেও বাঁচতে পারেননি রানের তিনি। রানের খাতা খোলার আগেই সাজঘরে ফিরে যান শাকিল।
৬০ রান করে সাজঘরের পথ ধরেন ফজল। মিরাজকে মিড অনে উড়িয়ে মারতে গিয়ে তাইজুল ইসলামের হাতে ক্যাচ দিয়েছেন তিনি। এরপর সালমান আঘাকে নিয়ে প্রতিরোধ গড়েন মোহাম্মদ রিজওয়ান। ১১৯ রানের জুটি গড়েন তারা।
দলীয় ৩৪৯ রানে আউট হন রিজওয়ান। ৮ চারে ৭৯ বলে ৫৯ রান করে সাজঘরে ফিরে যান এই ব্যাটার। এরপরই হানা দেয় বৃষ্টি। এতে বেশ কিছুক্ষণ খেলা বন্ধ থাকে।
বৃষ্টির পর খেলা শুরু হলে টিকতে পারেননি সালমান। ৫৮ রান করে নাহিদ রানার বলে স্লিপে দাঁড়িয়ে থাকা শান্তকে ক্যাচ দিয়ে ফিরে যান। তার বিদায়ের পর আর তেমন কেউ দাঁড়াতে পারেনি।
এতে ৩৮৬ রানে গুটিয়ে যায় পাকিস্তান। ১০২ রান খরচায় ৫ উইকেট নেন মিরাজ। এছাড়া তাসকিন ও তাইজুল নেন ২টি করে উইকেট।