র‌্যাব-৯ এর অভিযানে শ্রীমঙ্গলে ৪২ বোতল দেশীয় মদসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বৃহস্পতিবার, মে ১৪, ২০২৬

 

মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সাতগাঁও চা বাগান এলাকা থেকে ৪২ বোতল দেশীয় মদসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৯। বুধবার (১৩ মে ২০২৬) সকালে পরিচালিত অভিযানে তাকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃত ব্যক্তি হলেন বাসু দাস (৩৮)। তিনি শ্রীমঙ্গল উপজেলার সাতগাঁও চা বাগান এলাকার মৃত ভানু দাসের ছেলে।

র‌্যাব জানায়, এলিট ফোর্স হিসেবে আত্মপ্রকাশের পর থেকেই র‌্যাব মাদক উদ্ধার, সন্ত্রাস দমন, অবৈধ অস্ত্র উদ্ধার, চাঁদাবাজি ও বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এরই ধারাবাহিকতায় র‌্যাব-৯, সিপিসি-২, মৌলভীবাজারের একটি আভিযানিক দল বুধবার সকাল সাড়ে ১০টার দিকে শ্রীমঙ্গল উপজেলার সাতগাঁও বাজার এলাকায় অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, সাতগাঁও চা বাগান এলাকার একটি বাড়িতে মাদকদ্রব্য বিক্রির উদ্দেশ্যে কয়েকজন মাদক ব্যবসায়ী অবস্থান করছে।

পরে র‌্যাবের দলটি সকাল প্রায় ১০টা ৫৫ মিনিটে ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে এক ব্যক্তি পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী বসতঘরের চৌকির নিচ থেকে ৪২ বোতল দেশীয় মদ উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি জানান, তিনি মৌলভীবাজার জেলার বিভিন্ন এলাকা থেকে দেশীয় মদ সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখেছিলেন।

র‌্যাব আরও জানায়, গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া শেষে তাকে এবং জব্দকৃত আলামত শ্রীমঙ্গল থানায় হস্তান্তর করা হয়েছে। পাশাপাশি মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে র‌্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।