বিনোদন ডেস্ক: বলিউড তারকা সালমান খানের ব্যক্তিগত ও বিতর্কিত জীবনের অন্ধকার দিক নিয়ে এবার তৈরি হচ্ছে নতুন সিনেমা ‘কালা হিরণ’। কৃষ্ণসার হরিণ শিকার কাণ্ড থেকে শুরু করে লরেন্স বিশ্নোইয়ের সঙ্গে চলমান শত্রুতা—সব ঘটনাই উঠে আসবে এই ছবিতে।
চলচ্চিত্রটির প্রযোজক অমিত জানি ভারতীয় সংবাদমাধ্যমে জানান, ১৯৯৮ সালে রাজস্থানের যোধপুরের কাকানি গ্রামে ‘হাম সাথ সাথ হ্যায়’ সিনেমার শুটিং চলাকালিন কৃষ্ণসার হরিণ শিকারের ঘটনাটি ঘটেছিল। সেই ঘটনায় সালমান খানের সাথে সাইফ আলী খান, টাবু, সোনালী বেন্দ্রে ও সতীশ শাহর নামও জড়িয়ে পড়ে।
পরবর্তী সময়ে এই ঘটনাকে কেন্দ্র করে চলা দীর্ঘ আইনি লড়াই, গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের সাথে শত্রুতা এবং সালমানের জেল খাটার মতো বিষয়গুলোই এই সিনেমার মূল উপজীব্য। ইতোমধ্যে উত্তর প্রদেশের সম্বল ও মোরাদাবাদসহ বিভিন্ন শহরে এর দৃশ্যধারণের কাজ সম্পন্ন হয়েছে।
পরিচালনা সূত্রে জানা গেছে, আগামী ২০ জুন সিনেমাটির অফিশিয়াল ট্রেলার মুক্তি পাবে। সচরাচর তারকাদের জীবনীভিত্তিক সিনেমায় তাদের সাফল্য ও প্রেমজীবনকে প্রাধান্য দেওয়া হলেও পরিচালক ভরত এস শ্রীনাথ কেন সালমানের জীবনের এই বিতর্কিত অংশটি বেছে নিলেন, তা নিয়ে বিনোদন দুনিয়ায় বেশ কৌতূহল তৈরি হয়েছে।
এ বিষয়ে প্রযোজকের দাবি, কৃষ্ণসার হরিণ শিকারের ভেতরের অনেক সত্য ঘটনা এখনো সাধারণ মানুষের অজানা। সেই প্রকৃত ঘটনাটি সবার সামনে আনতেই তারা এই সিনেমাটি নির্মাণ করছেন।
তবে সিনেমায় সালমান খানের চরিত্রে কে অভিনয় করছেন, সে বিষয়ে নির্মাতা বা প্রযোজক এখনই আনুষ্ঠানিকভাবে কিছু জানাতে রাজি হননি।