আইরিচ আই হসপিটালের শুভ উদ্বোধন উপলক্ষে ১২০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

সোমবার, মার্চ ২, ২০২৬

জাতির সংবাদ ডটকম :

 

রাজধানীতে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে আইরিচ আই হসপিটাল লি.। শুভ উদ্বোধন উপলক্ষে আয়োজিত বিশেষ মেডিকেল ক্যাম্পে মোট ১২০০ জন রোগীকে সম্পূর্ণ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান করা হয়।

উদ্বোধনী ক্যাম্পে অংশগ্রহণকারী রোগীদের প্রয়োজনীয় সকল পরীক্ষা-নিরীক্ষা বিনামূল্যে সম্পন্ন করা হয়। পাশাপাশি চশমার ওপর ৫০% বিশেষ ছাড় প্রদান করা হয়। সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এফবিসিসিআই-এর বোর্ড মেম্বার জনাব শফিকুর রহমান। তাঁর উপস্থিতিতে হাসপাতালের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা হয়।

উদ্বোধন শেষে হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক এইচ. এম. শিশির কাউছার বলেন,
“সর্বাধুনিক প্রযুক্তি সমৃদ্ধ বিশ্বমানের চক্ষু চিকিৎসা সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া এবং তা সকল শ্রেণির মানুষের সাধ্যের মধ্যে নিয়ে আসাই আমাদের মূল লক্ষ্য। একই ছাতার নিচে উচ্চবিত্ত থেকে শুরু করে সমাজের পিছিয়ে পড়া সাধারণ মানুষও উন্নতমানের চিকিৎসা সেবা গ্রহণের সুযোগ পাবে।”

চক্ষু বিশেষজ্ঞ ডা. এস এম ফাহাদ বলেন,
“অর্থের অভাবে কেউ যেন চিকিৎসা সেবার মতো মৌলিক অধিকার থেকে বঞ্চিত না হয়—এই অঙ্গীকার নিয়েই আইরিচ আই হসপিটালের যাত্রা।”

হাসপাতালের প্রধান নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম জানান, এখানে ক্যাটারেক্ট সার্জারি, রেটিনা, গ্লকোমা, কর্ণিয়া, অকুলোপ্লাস্টি, নিউরো-অফথালমোলজি, পেডিয়াট্রিক অফথালমোলজি এবং লো-ভিশনসহ চোখের সকল বিশেষায়িত সেবা প্রদান করা হবে। আধুনিক প্রযুক্তি ও দক্ষ চিকিৎসক দলের সমন্বয়ে মানসম্মত চক্ষু চিকিৎসা নিশ্চিত করে দেশের স্বাস্থ্যখাতে গুরুত্বপূর্ণ অবদান রাখার প্রত্যাশা করছে প্রতিষ্ঠানটি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেজর ডা. ওয়াহিদুজ্জামান (ডিরেক্টর, মেডিকেল সার্ভিস, আনসার ভিডিপি), চক্ষু বিশেষজ্ঞ ডা. রাশেদুল হক, ডা. মোহাম্মদ ইলিয়াছ, আরিফুল হক, প্রকৌশলী জয়নাল আবেদীন, রবিউল ইসলাম রুবেল এবং বাংলাদেশ মফস্বল সাংবাদিক এসোসিয়েশন-এর মহাসচিব শেখ মোহাম্মদ তাজুল ইসলাম। তিনি বলেন, “মানবিক উদ্যোগ ও সামাজিক দায়বদ্ধতার মাধ্যমে স্বাস্থ্যসেবাকে সাধারণ মানুষের কাছে সহজলভ্য করে তোলার এ উদ্যোগ প্রশংসনীয়।”

সাংবাদিক ও মানবাধিকার কর্মী শাহারুল ইসলাম রকি হাসপাতাল কর্তৃপক্ষের উদ্দেশ্যে বলেন, “বাংলাদেশের অধিকাংশ হাসপাতাল উচ্চ ব্যয়ের কারণে সাধারণ মানুষের নাগালের বাইরে। অনেকেই চিকিৎসার জন্য জায়গা-জমি বিক্রি করতে বাধ্য হন। তাই আইরিচ আই হসপিটাল যেন গরিব ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে মানবিক দৃষ্টান্ত স্থাপন করে—এটাই আমাদের প্রত্যাশা।”

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন আব্দুল্লাহ আল মারুফ, সাংবাদিক গিয়াস উদ্দিন রাকিব, আমিনূল ইসলাম, এস এ ফারুক, সাইফুল ইসলামসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।