মৌলভীবাজার প্রতিনিধি।।
মৌলভীবাজারের কমলগঞ্জের শমশেরনগর রেলস্টেশনের অদূরে কালিপুর এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী উপবন এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল যাত্রীবাহী আন্তনগর এ ট্রেনটি ভোর ৬ টা থেকে সকাল ৯ : ১০ মিনিট পর্যন্ত আটকা পড়ে। এতে সাময়িকভাবে সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়, দুর্ভোগে পড়েন শতাধিক যাত্রী।
ট্রেনের ইঞ্জিনে আকস্মিক অগ্নিকাণ্ডের ঘটনায় এ সমস্যার সৃষ্টি হয়েছে বলে প্রাথমিকভাবে জানা যায়।
মঙ্গলবার (৩১ মার্চ) সকাল ৬টায় মিনিটের দিকে উপজেলার শমসেরনগর এলাকার পূর্ব কালিপুর গ্রামে চলন্ত ট্রেনটির ইঞ্জিনে আগুন লাগে। প্রত্যক্ষদর্শীরা জানান, ইঞ্জিন থেকে মবিল পড়ে আগুনের সূত্রপাত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জরুরি ভিত্তিতে ট্রেনটি থামানো হলে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
তবে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ায় বড় ধরণের হতাহতের ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। যাত্রীদের নিরাপদে নামিয়ে আনা হয় এবং আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
শ্রীমঙ্গল রেল স্টেশন মাস্টার শাখাওয়াত হোসেন জানান, সিলেটগামী আন্তনগর উপবন এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হওয়ায় সকাল সাড়ে ৯টা পর্যন্ত এই রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এতে উপবন ছাড়াও আটকা পড়েছিল সিলেট থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া কালনি এক্সপ্রেস ট্রেন।
শমশেরনগর রেলওয়ে স্টেশনের সহকারী মাস্টার সাগর কুমার সিংহ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তনগর কালনি এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন দিয়ে আটকা পড়া সিলেটগামী উপবন এক্সপ্রেস ট্রেন উদ্ধার করে শমশেরনগর রেখে সকাল ৯.১০ মিনিটে ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়েছে। পরবর্তীতে সিলেট থেকে একটি বিকল্প ইঞ্জিন এনে উপবন এক্সপ্রেস ট্রেন সিলেট নিয়ে যাওয়া হবে।