জাতির সংবাদ ডটকম।।
বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদ অত্যন্ত উদ্বেগ ও উৎকণ্ঠার সাথে লক্ষ্য করছে যে, গত ৩০ মার্চ শিক্ষামন্ত্রীর উপস্থিতিতে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের বার্ষিক উন্নয়ন কর্মসূচির পর্যালোচনা সভায় দেশের প্রচলিত ৪ বছর মেয়াদি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষা কোর্সের মেয়াদ ৩ বছর করার বিষয়ে আলোচনার বিষয়টি জাতীয় দৈনিকসমূহে ফলোঅন করে সংবাদ পরিবেশিত হয়েছে। যা এদেশের ৮ লক্ষাধিক ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ও সাড়ে ৪ লক্ষাধিক ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীকে সংক্ষুব্ধ করেছে। বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদ এর আহ্বায়ক মোঃ আখেরুজ্জামান ও সদস্য সচিব মোঃ ইমাম উদ্দিন স্বাক্ষরিত যৌথ বিবৃতিতে এ ধরনের আত্মত্মঘাতি উল্লেখ করে এধরনের ধারণা থেকে বিরত থাকার আহ্বান জানান।
বিবৃতিতে উল্লেখ করা হয়, দেশে মধ্যম স্তরের কারিগরি দক্ষ জনবল সৃষ্টির লক্ষ্যে ১৯০৮ সালে ৩ বছর মেয়াদি কোর্সের মাধ্যমে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষা কোর্সের প্রবর্তন হয়। পরবর্তীতে ১৯৪৬ সালে প্রযুক্তিগত উৎকর্ষতা ও কর্মক্ষেত্র বিবেচনায় কোর্সটি ৪ বছরে উন্নীত করা হয়েছিল। কিন্তু প্রতিক্রিয়াশীল কারিগরি আমলাচক্র ষড়যন্ত্রের মাধ্যমে কোর্সটি একটা সময়ে পুনরায় ৩ বছরে রূপান্তর করলে যুগের চাহিদা ও বৈশ্বিক কর্মচ্যালেঞ্জ মোকাবেলায় সরকার ২০০১-২০০২ শিক্ষাবর্ষ থেকে কোর্সটি পুনরায় ৪ বছরে উন্নীত করে এবং দীর্ঘ ২৬ বছর ধরে ৪ বছর মেয়াদি কোর্সটি সফলতার সাথে এযাবত পরিচালিত হচ্ছে।
৪র্থ শিল্পবিপ্লবের প্রযুক্তিগত উৎকর্ষতা, এআই, রোবোটিক্স, ইলেকট্রনিক্স উৎকর্ষতা ও দেশীয়-আন্তর্জাতিক কর্মধরন বিবেচনায় যখন দেশের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্স কারিকুলাম আধুনিকায়নের জন্য কারিগরি শিক্ষা অধিদপ্তর, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড, ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) সহ স্টেকহোল্ডারগণ জোরালো দাবি জানিয়ে আসছে, তখন ফ্যাসিস্টমুক্ত গণতান্ত্রিক সরকারের বিরুদ্ধে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের উস্কে দেয়ার অপকৌশল হিসেবে সরকারের ভেতরে ঘাপটি মেরে থাকা কারিগরি আমলাচক্র ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্সের মেয়াদ হ্রাসের অযৌক্তিক আলোচনা সামনে নিয়ে এসেছে। সংগ্রাম পরিষদ নেতৃবৃন্দ বলেন, অতীতে স্বৈরাচারি সরকারের এ ধরনের ষড়যন্ত্র বহুবার ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ও শিক্ষার্থীরা দুর্বার আন্দোলনের মাধ্যমে নস্যাৎ করে দিয়েছে, এবারও তার ব্যতিক্রম হবে না। বিবৃতিতে উল্লেখ করা হয় নয়া সরকারকে অস্থিতিশীল করার অপকৌশল হিসেবে এ ধরনের অবান্তর আলোচনা সামনে আনা হয়েছে।
বিবৃতিতে দেশীয় ও বৈশ্বিক কর্মবাজারের চাহিদা বিবেচনায় ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্স কারিকুলাম আধুনিকায়ন, পলিটেকনিক ইনস্টিটিউটে বিদ্যমান শিক্ষক সংকট নিরসন, ব্যবহারিক কাঁচামালের ঘাটতিপূরণ, ল্যাব আধুনিকায়নসহ শিক্ষা কারিকুলামের মেয়াদ ৫ বছরে উন্নীতকরণের জন্য সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করা হয়।