বিকুল চক্রবর্তী :
সিলেটের বিয়ানীবাজার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে প্রায় পৌনে দুই কোটি টাকা মূল্যের ভারতীয় জিরা ও কসমেটিকস জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার (৮ এপ্রিল) সন্ধ্যা আনুমানিক ৭টা ২০ মিনিটে গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিয়ানীবাজার ব্যাটালিয়ন (৫২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আতাউর রহমান সুজনের নেতৃত্বে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানটি গজুকাটা বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৩৫৯/এম থেকে প্রায় ৩ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে বিয়ানীবাজার উপজেলার দুবাগ মোড় এলাকায় পরিচালিত হয়।
বিজিবি সূত্র জানায়, টহল দল একটি সন্দেহজনক ট্রাকের গতিবিধি লক্ষ্য করে ট্রাকটি থামানোর সংকেত দিলে চালক ও তার সহযোগীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে ট্রাকটি ফেলে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে পরিত্যক্ত ট্রাকটি তল্লাশি করে দেখা যায়, ট্রাকের উপরিভাগে পাথর দিয়ে আচ্ছাদিত করে নিচে অত্যন্ত কৌশলে বিপুল পরিমাণ চোরাই পণ্য লুকিয়ে রাখা হয়েছিল।
তল্লাশিতে ট্রাক থেকে ৪২০ কেজি ভারতীয় জিরা, ২৭ হাজার ২১৬ পিস ভারতীয় স্ক্রিন ব্রাইট ক্রিম এবং ১৫ হাজার পিস স্ক্রিন সানরাইজ ক্রিম উদ্ধার করা হয়। জব্দকৃত এসব পণ্যের আনুমানিক সিজার মূল্য এক কোটি ৭৫ লাখ ১৬ হাজার ৪০০ টাকা।
এ ঘটনায় জড়িত ট্রাকচালক ও তার সহযোগীদের আটক করা সম্ভব না হলেও তাদের শনাক্তের চেষ্টা চলছে এবং জব্দকৃত মালামাল জব্দ করে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
বিয়ানীবাজার ব্যাটালিয়ন (৫২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আতাউর রহমান সুজন বলেন, “মহাপরিচালক বিজিবির নির্দেশনা ‘বিজিবি হবে সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক’—এই মূলমন্ত্রে দীক্ষিত হয়ে সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি ও আভিযানিক কার্যক্রম জোরদার করা হয়েছে। দেশের সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সকল ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবি বদ্ধপরিকর। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।